দ্বিশতক দেখছেন হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার আলীকে আউট করার পর উল্লসিত শুভাগত হোম ছবি: শামসুল হক
আজহার আলীকে আউট করার পর উল্লসিত শুভাগত হোম ছবি: শামসুল হক

খুলনা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেল পাকিস্তান। হাতে এখনো ৮ উইকেট। আপাতত লিড যত্সামান্য হলেও, পরের সেশনগুলোয় ‘অসামান্য’ হওয়ার স্পষ্ট ইঙ্গিত। অবশ্য একটা ‘যদি’ কিন্তু থাকছেই।

যদি বাংলাদেশের বোলাররা দারুণ কিছু করতে পারেন, তবেই পাকিস্তানের রানের সৌধ গড়ার লড়াইটা থামিয়ে দেওয়া যেতে পারে। প্রশ্নটা এখানেই। বাংলাদেশের বোলাররা পারবেন দারুণ কিছু করতে? না পারলে যে রানের পাহাড়ে চাপা পড়তে হবে বাংলাদেশকে।
এখনো পর্যন্ত বাংলাদেশের বোলিংটা নখদন্তহীনই। বিরতির মিনিট ২৫ আগে নতুন বল নেওয়া হলেও বলার মতো কিছুই করতে পারেননি দুই পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ। পাকিস্তানি ব্যাটসম্যানরা খুব একটা সুযোগও দেননি। গতকাল সৌম্য সরকার বলেছিলেন, ‘এমনও ওভার গেছে পাকিস্তানি বোলাররা একটা বাজে বল দেয়নি।’ সেখানে উল্টো দশা বাংলাদেশের বোলারদের। প্রতি ওভারে এক-দুইটা ‘আলগা’ বল যেন না দিলেই নয়! পাকিস্তানি ব্যাটসম্যানরাও বাজে বলের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন।
এ সেশনে উঠল ১০৬ রান। পাকিস্তান হারাল আজহার আলীর উইকেটটি। আগের দিনের অপরাজিত ৬৫ রানের সঙ্গে আজ ২৩ রান যোগ করে শুভাগত হোমের জোরের সঙ্গে নিচু হয়ে আসা অফব্রেকে পরাস্ত হলেন আজহার। একইসঙ্গে ভাঙল মোহাম্মদ হাফিজ-আজহারের ২২৭ রানের জুটি।
৭৬ তম ওভারে দুর্দান্ত খেলতে থাকা হাফিজকে ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন শুভ। তবে এলবিডাব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলেও কাজ হয়নি। বল স্টাম্পে থাকলেও ইমপ্যাক্টটা ছিল অফ সাইডের বাইরে। গতদিন বাংলাদেশের ভোগানো হাফিজ এখনো অপরাজিত ১৯০ রানে। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটিই তাঁর সর্বোচ্চ রান। সামনে হাতছানি দিচ্ছে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর। বাংলাদেশকে ভোগাতে ৩১ রানে অপরাজিত আরেক ব্যাটসম্যান ইউনিস খান। হাফিজ-ইউনিসের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৫৬ রান।
উইকেটে জমে যাওয়া এই দুই ব্যাটসম্যানকে পরের সেশনে দ্রুত না ফেরাতে পারলে বড় দুর্ভোগই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।