দ্বিশতক ধরা দিল হাফিজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজ পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি।ছবি: শামসুল হক
হাফিজ পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি।ছবি: শামসুল হক

ক্যারিয়ারের প্রথম টেস্ট দ্বিশতকটির জন্য মোহাম্মদ হাফিজ বেছে নিলেন বাংলাদেশকেই। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪১ তম টেস্ট ম্যাচে এসে তিনি পেলেন এই অনন্য কীর্তির দেখা। বেশ অনেক দিন ধরেই পাকিস্তানের এই স্টাইলিশ ব্যাটসম্যানের সঙ্গে লুকোচুরি খেলছিল এই মাইলফলক। কিন্তু খুলনায় সেই লুকোচুরি খেলার সমাপ্তি ঘটল। হাফিজ দেখা পেলেন তাঁর টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বর্ণাঢ্য প্রাপ্তির।
২০১২ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৬ রানে আউট হয়েছিলেন হাফিজ। গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় সাজঘরে ফিরেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থেকেই। খুলনা টেস্টে তাঁর ভাগ্য আর তাঁর সঙ্গে প্রতারণা করেনি।
খুলনা টেস্টের দ্বিতশকটি একটু অন্যভাবেই মনে রাখবেন হাফিজ। বাংলাদেশ সফরে সময়টা একেবারেই ভালো যায়নি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই ছিলেন ‘সুপার ফ্লপ’। পাকিস্তানও বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে বড় করুণভাবেই। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও তাঁর ব্যাটকে ‘ব্যর্থ’ই বলা চলে। টেস্ট সিরিজে ভালো করাটা নিজের সুনামের জন্য খুব প্রয়োজন ছিল। খুলনায় নিজের মধ্যে ফেরাটা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া হাফিজের জন্য বড় ধরনের এক লাইফ লাইনই।
খুলনা টেস্টেও তাঁকে ফিরতে হতো খুব তাড়াতাড়িই। তাইজুল ইসলামের বলে ইনিংসের শুরু দিকেই তাঁর বিরুদ্ধে কট বিহাইন্ডের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে স্নিকোমিটারহীন রিভিউ তাঁর জন্য সৌভাগ্যের বার্তাই বয়ে নিয়ে আসে বলে বিশ্বাস করেন অনেকেই।
আজ তৃতীয় দিনেও শুভাগত হোমের বলে এলবি’র হাত থেকে বেঁচে যান তিনি কেবল। বাংলাদেশের রিভিউ অবশ্য এ ক্ষেত্রে কাজে আসেনি। সৌভাগ্যের ইঙ্গিত তিনি পেয়েছিলেনই। তাঁর পূর্ণ সদ্ব্যবহারটাই কেবল করে দেখিয়েছেন এই হাফিজ।
এই প্রতিবেদন লেখার সময় হাফিজ অপরাজিত ছিলেন ২১৮ রানে। পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৮৩। লিডটা হয়ে গেছে ৫২ রানের। মধ্যাহ্ন বিরতির পর তাইজুলের এক দুর্দান্ত বল ফিরিয়েছে ইউনিস খানকে (৩৩)। এই মুহূর্তে দারুণ খেলতে থাকা হাফিজের সঙ্গী পাক অধিনায়ক মিসবাহ-উল হক।
হাফিজের এই ইনিংসটিই খুলনা টেস্টে পার্থক্যটা গড়ে দিচ্ছে কিনা কে জানে!