দ্বিস্তর টেস্টের পক্ষে নয় ভারত
দ্বিস্তরবিশিষ্ট কাঠামো অনুমোদন পেলে আন্তর্জাতিক ক্রিকেটের চেহারাটাই যেত বদলে। তবে গত জুনে স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় প্রস্তাবিত দ্বিস্তর কাঠামো অনুমোদিত হয়নি। ওই সভাসূত্রে জানা গিয়েছিল, এশিয়ার পূর্ণ সদস্য চারটি দেশই এই প্রস্তাব সমর্থন করেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাল প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা এই প্রস্তাবের বিরোধী। আর ভারতের বিরোধিতায় টেস্টে দ্বিস্তরবিশিষ্ট ক্রিকেটের ভবিষ্যৎ এখন হুমকির মুখে।
দ্বিস্তরবিশিষ্ট কাঠামোয় প্রস্তাব করা হয়, দ্বিপক্ষীয় সিরিজভিত্তিক ক্রিকেটের বদলে খেলাটা হবে লিগভিত্তিক। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ, ওয়ানডেতে ১৩টি। থাকবে উত্তরণ ও অবনমনের ব্যবস্থা। টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দেশ খেলবে ওপরের স্তরে, নিচের স্তরে খেলবে শেষের দিকের পাঁচটি দেশ। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়েছেন, তাঁরা টেস্টের দ্বিস্তর কাঠামো সমর্থন করেন না, ‘বিসিসিআই টেস্টের দ্বিস্তর কাঠামোর বিরোধী। এতে ক্রিকেটের ছোট দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। বিসিসিআই চায় তাদের পাশে থাকতে।’
এডিনবরা সভায় যোগ দেওয়ার আগেই দ্বিস্তর কাঠামোর বিরোধিতা করেছে বিসিবি। দ্বিস্তর ক্রিকেট চালু হলে নিজেদের ক্রিকেট উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সহাসভাপতি মাহবুবুল আনাম সরাসরি বলেন, ‘আমরা এটাকে (দ্বিস্তরবিশিষ্ট টেস্ট) সমর্থন করি না। খেলা এমন এক বিষয়, আপনি যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের সঙ্গে খেলবেন ততই উন্নতি হবে। ওয়ানডেতে আমরা যদি বড় দলগুলোর সঙ্গে না খেলতাম তাহলে আমাদের এ মানটা তৈরি হতো না।’
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশ্নটা দ্বিস্তর ধারণার আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত হলেও বিসিসিআইয়ের ভাবনা অবশ্য বহুমুখী। ঠাকুর বলেছেন, ‘দ্বিস্তর চালু হলে ক্ষতির দিকটাই বেশি। আয় কমে যাবে, ছোট দেশগুলোর শীর্ষ টেস্ট দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারানোর বিষয় তো আছেই। আমরা এটা হতে দিতে পারি না। বিশ্ব ক্রিকেটের জন্য যেটি সবচেয়ে ভালো, সেটির জন্যই কাজ করব। এ কারণেই ভারত প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলে।’
যেহেতু বিসিসিআইয়ের মতো প্রভাবশালী বোর্ড টেস্টের দ্বিস্তর কাঠামোর বিরুদ্ধে, এটি চালু হওয়ার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। ইন্ডিয়ান এক্সপ্রেস।