দ্বিস্তর টেস্টের বিপক্ষে ভারত

টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব এসেছে আইসিসির পক্ষ থেকে। এ ব্যাপারে গত জুনে এডিনবার্গে বার্ষিক সভায় আলোচনাও হয়েছিল। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরোধিতার মুখে এ ব্যাপারে আলোচনা থেমে গেলেও দ্বিস্তরের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। তবে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির বক্তব্যের পর দ্বিস্তর টেস্ট ক্রিকেটের ধারণাটাই হুমকির মুখে পড়ে যেতে বাধ্য। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বেশ স্পষ্ট ভাষাতেই টেস্টের দ্বিস্তর ধারণার বিরোধিতা করেছেন।
বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ক্রিকেটের ছোট দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য আমরা টেস্টের দ্বিস্তর ধারণার বিরোধিতা করব।’
এডিনবার্গের সভায় দ্বিস্তর ক্রিকেট চালু হলে নিজেদের ক্রিকেট উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ক্রিকেটের জিজ্ঞাসা ছিল এই দ্বিস্তর ধারণার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে।
এ ব্যাপারে বিসিবি সহসভাপতি মাহবুবুল আনাম বলেছিলেন, ‘টেস্টে আমরা যতই বড় দলগুলোর বিপক্ষে খেলব, আমাদের উন্নতিটা ততই দ্রুত হবে। ওয়ানডে ক্রিকেটে আমরা শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি করে খেলেছি বলেই এত দূর আসতে পেরেছি। সর্বোচ্চ পর্যায়ে আমরা আমাদের আসল শক্তিটা পরখ করে দেখতে পারি। এখন পেছনের দিকে হাঁটলে আমাদের ক্রিকেটও পেছনের দিকে যাবে।’
দ্বিস্তর নিয়ে বিসিসিআইয়ের ভাবনাটা বহুমুখীই। অনুরাগ বলেছেন, দ্বিস্তর চালু হলে ক্ষতির দিকটাই বেশি। আয় কমে যাবে, ছোট দেশগুলোর শীর্ষ টেস্ট দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারানোর ব্যাপারটা তো আছেই। আমরা এটি হতে দিতে পারি না। বিশ্ব ক্রিকেটের জন্য যেটি সবচেয়ে ভালো, আমরা তার জন্যই কাজ করব। সে জন্যই কিন্তু ভারত প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই খেলে থাকে।’
ভারতের মতো প্রভাবশালী বোর্ড যদি দ্বিস্তর না চায়, সেই পদ্ধতি চালুর সম্ভাবনা কম তো বটেই। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।