দ্বিস্তরের ক্রিকেট আর চার দিনের টেস্ট চায় নিউজিল্যান্ড

এখন যেন মিশন একটাই: টেস্ট ক্রিকেট বাঁচাও। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেড) প্রধান ডেভিড হোয়াইট কিছু দাওয়াই দিচ্ছেন টেস্ট ক্রিকেট বাঁচাতে। গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ক্রিকেট করতে হবে। টেস্ট ক্রিকেটে চাই দ্বিস্তর। আর পাঁচ দিনের বদলে খেলা নিয়ে আসতে হবে চার দিনে। এখন যেমন প্রথম শ্রেণির বেশির ভাগ ম্যাচ হয় চার দিনে। এতে প্রতিযোগিতা বাড়বে। বাড়বে আকর্ষণ।
আজ হোয়াইট স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটে যদি দুই স্তর চালুর প্রস্তাব করা হয়, নিউজিল্যান্ড তাতে সানন্দে সায় দেবে। শুধু তা-ই নয়, দ্বিস্তরের ক্রিকেটের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেদের একরকম ঘোষণাই করে দিল এনজেড। হোয়াইট বলেছেন, ‘আমাদের প্রতিযোগিতার পদ্ধতিতে যদি পদোন্নতি ও অবনমন থাকে, লিগ শেষে যদি একজন বিজয়ী থাকে, অবশ্যই এটি আগ্রহ বাড়াবে।’ অবশ্য দ্বিস্তর যদি চালু হয়েও যায়, এতে নিচের স্তরে থাকা দলগুলো যেন আর্থিকভাবে ক্ষতি বা বৈষম্যের মুখে না পড়ে, সেটিও ভেবে দেখতে বলেছেন হোয়াইট।
গোলাপি বলে ইতিহাসের প্রথম দিবারাত্রির ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে নিউজিল্যান্ডের। এটিকে ক্রীড়াবিশ্বের ‘ঐতিহাসিক আয়োজনগুলোর একটি’ বলেছেন হোয়াইট। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এ ধরনের নিত্যনতুন ভাবনা আরও জরুরি বলে মনে করেন তিনি। এখান থেকেই চার দিনের টেস্টের প্রস্তাব দিয়েছেন। হোয়াইট মনে করেন, ক্রিকেটারদের ওপর চাপ কমানোও জরুরি, ‘এটা নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এখন যদি তিন টেস্টের একটা সিরিজ হয়, তাতে খেলা হয় চার সপ্তাহ ধরে। চার সপ্তাহ অনেক লম্বা একটা সময়। চার দিনের তিন ম্যাচের সিরিজ হলে সেটা তিন সপ্তাহের মধ্যে শেষ করা যাবে। এক সপ্তাহ বাঁচানো সম্ভব হবে।’
হোয়াইটের এই প্রস্তাবগুলো নিয়ে ভাবছে আইসিসি। প্রাথমিক আলোচনা চলছে। যদিও বাংলাদেশ এরই মধ্যে দ্বিস্তরের ক্রিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূত্র: ক্রিকইনফো ও এএফপি।