দ্বৈরথের কত কথা

তাসমান সাগরের এপার-ওপারের দুটি দেশ। সম্পর্ক অনেকটা বড় ভাই-ছোট ভাইয়ের মতো। যেখানে ‘বড় ভাই’ অস্ট্রেলিয়া চিরকাল ‘ছোট ভাই’ নিউজিল্যান্ডকে দমিয়ে রাখতে চায়। অন্তত নিউজিল্যান্ডের মানুষ সে রকমই মনে করে। এমনিতেই অ্যাজনেক চুক্তিসহ আরও নানা কারণে দুই দেশের বন্ধন যথেষ্ট দৃঢ়। তবে দমিয়ে রাখা আর দমে থাকতে না চাওয়ার এই মানসিকতা সম্পর্কটাকে করে তুলেছে অম্ল-মধুর। এই সম্পর্কের ছাপ পড়ে খেলাধুলায় দুটি দেশ মুখোমুখি হলে। সেটা রাগবি, ফুটবল কিংবা ক্রিকেট যেখানেই হোক। টেস্ট মর্যাদা পাওয়ার ৪৪ বছর পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে মাত্র একবার টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। গত ২৭ বছরে মেলবোর্নে কখনো বক্সিং ডে টেস্ট খেলার সুযোগ পায়নি নিউজিল্যান্ড। চাপা একটা ক্ষোভ তো কিউইদের থাকতেই পারে। মেলবোর্নে দুই দলের মধ্যে বিশ্বকাপ ফাইনালের আগে চলুন ফিরে দেখা যাক এমন আরও কিছু ঘটনা, যা এই দুই দেশের দ্বৈরথকে দিয়েছে নতুন মাত্রা—
আন্ডার আর্ম বল ও অন্যান্য
১ ফেব্রুয়ারি, ১৯৮১, মেলবোর্ন। বেনসন অ্যান্ড হেজেস সিরিজের তৃতীয় ফাইনাল ছিল সেটা। আগের দুটি ফাইনালের প্রথমটি জিতেছিল নিউজিল্যান্ড, দ্বিতীয়টি অস্ট্রেলিয়া। সেদিন অস্ট্রেলিয়ার ২৩৫ তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে নিউজিল্যান্ডের রান ৮ উইকেটে ২২৯। শেষ বলে ছক্কা হলে ম্যাচ টাই হবে। আর তখনই অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেল তাঁর ভাই বোলার ট্রেভর চ্যাপেলকে বললেন, আন্ডারআর্ম বল করতে। গড়িয়ে আসা সেই বলে কোনো রান নেওয়ার সুযোগই ছিল না কিউই ব্যাটসম্যান ব্রায়ান ম্যাকক্যাকনির। কোনোরকমে বলটা ঠেকিয়ে রাগে ব্যাট ছুড়ে মারেন ম্যাকক্যাকনি। পরদিন পত্রিকার কলামে বড় ভাই ইয়ান চ্যাপেল সমালোচনা করলেন গ্রেগের, ‘গ্রেগ, মাত্র ৩৫ হাজার ডলার প্রাইজমানির জন্য তুমি আর কত সম্মান বিসর্জন দেবে?’ তখনকার নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী রবার্ট মুলডুন বললেন, ‘এই কাপুরুষোচিত দৃষ্টান্ত ক্রিকেটে আর নেই। এ কারণেই হলুদ জার্সিটা অস্ট্রেলিয়ানদের মানায়।’ অকল্যান্ডে টি-শার্ট বিক্রি হলো দেদার। যাতে লিখা ছিল, ‘অজি হ্যাজ অ্যান আন্ডার আর্ম প্রবলেম।’ কিউই ব্যাটসম্যান ম্যাকক্যাকনি বললেন, ‘আমার মতো ব্যাটসম্যানের ওই বলে ছক্কা মারার সম্ভাবনা ছিল হাজারে এক ভাগ। অথচ কী কাপুরুষোচিত কাজটাই না করল অস্ট্রেলিয়ানরা!’ ক্রিকেটে আন্ডারআর্ম বল চিরতরে নিষিদ্ধ হলো ওই ম্যাচের পর।
২৮ বছর পর এমনই এক ১ ফেব্রুয়ারিতে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবারও অখেলোয়াড়সুলভ দৃষ্টান্ত রাখলেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হাডিন। মাইকেল ক্লার্কের বলে বোল্ড হলেন কিউই ব্যাটসম্যান নিল ব্রুম। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেল, বল স্টাম্পে লাগার আগেই গ্লাভস স্টাম্পের সামনে নিয়ে এসেছেন হাডিন, ফেলে দিয়েছেন বেল। আম্পায়ারের চোখে পড়েনি বলে পুরো ঘটনাটাই বেমালুম চেপে যান তিনি। আবারও নিন্দার ঝড় ওঠে নিউজিল্যান্ডে।
অবিশ্বাস্য ফিল্ডিং
শুধু বিতর্ক নয়, ট্রান্স-তাসমান দ্বৈরথ উপহার দিয়েছে অসাধারণ কিছু ফিল্ডিং মুহূর্তও। ২০০৪ সালে মেলবোর্নে ম্যাথু সিনক্লেয়ারের নেওয়া ম্যাথু হেইডেনের অবিশ্বাস্য সেই ক্যাচ। পরের বছরে ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে গ্লেন ম্যাকগ্রার বলে অ্যাডাম গিলক্রিস্টের ক্রেইগ ম্যাকমিলানকে স্টাম্পিং করা, ওই বছরেই আবার ওয়েলিংটনে মাইকেল ক্লার্কের সরাসরি থ্রোতে ব্রেন্ডন ম্যাককালামের রানআউট—এমন আরও কত চোখে লেগে থাকা অবিশ্বাস্য ফিল্ডিং দেখেছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি।
প্রথম টি-টোয়েন্টি
ক্রিকেটকে বদলে দেওয়া টি-টোয়েন্টির প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিল এই দুই দেশই। অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তখন অনেকটা ‘ফান ক্রিকেট’ ছিল বলে ম্যাচে দুই দলের খেলোয়াড়েরই গায়ে ছিল আশির দশকের জার্সি। চুলের স্টাইলও ছিল বাহারি। অস্ট্রেলিয়া একতরফাই জিতে নিয়েছিল ম্যাচটি। আর ফল নিশ্চিত দেখে ম্যাচের শেষ বলে ম্যাকগ্রা মজা করে দিয়েছিলেন আন্ডারআর্ম ডেলিভারি। সেদিন কম যাননি আম্পায়ার বিলি বাউডেনও, সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান ম্যাকগ্রাকে।
যা কিছু উদ্ভট...
দুদলের মুখোমুখি লড়াইয়ে বেশ কয়েকবার ঘটেছে উদ্ভট কিছু ঘটনা। যা কখনো জাগিয়েছে বিস্ময়, কখনো জন্ম দিয়েছে হাস্যরসের। ২০০৭ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করতে এলেন মাইকেল ক্লার্ক। তখন তিনে নিয়মিত অধিনায়ক রিকি পন্টিং, চারে ক্লার্ক। পন্টিং দলে আছেন, ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। তার পরও ক্লার্ককে তিনে! অবাক অনেকে। পরে জানা গেল, টয়লেটে গিয়ে একটু বেশি সময় লাগছিল পন্টিংয়ের, বাধ্য হয়েই আগে নামতে হয় ক্লার্ককে। ওই বছরই পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন দল থেকে বাদ পড়েন ব্র্যাড হজ। কারণ কী? প্যান্ট পরতে গিয়ে বেকায়দায় পিঠে চোট পেয়েছেন হজ! এসএমএইচ।