দ্রাবিড়-স্মিথের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়

বোলিংয়ের সময় দুই পাশ থেকেই নতুন বলের ব্যবহার, ৩০ গজ বৃত্তের মধ্যে সব সময় অন্তত ৫ জন ফিল্ডার রাখা, প্রথম ১০ ওভারে মাত্র দুজন ফিল্ডার বৃত্তের বাইরে রাখাসহ বেশ কিছু নতুন নিয়ম হয়েছে ওয়ানডে ক্রিকেটে। আর এর বেশির ভাগই হয়েছে গত কয়েক বছরে। স্বভাবতই প্রথমবারের মতো বিশ্বকাপও হচ্ছে এসব নতুন নিয়মে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে কেমন প্রভাব ফেলবে এসব নিয়ম-কানুন? ২০০৭ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেওয়া রাহুল দ্রাবিড়ের মতে এবার কাজটা কঠিন হয়ে যাচ্ছে অধিনায়কদের জন্য, ‘ওয়ানডে ক্রিকেটে নতুন নিয়মগুলো উপমহাদেশের ম্যাচে রানে যেমন প্রভাব ফেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সে রকম হবে না। দুই প্রান্ত থেকেই নতুন বলে খেলা হবে বলে ফাস্ট বোলাররা যথেষ্ট সাহায্য পাবেন। ওখানকার মাঠগুলোও বড়, তাই সীমানা পার করা খুব একটা সহজ হবে না। অধিনায়কদের জন্য এটা তাই বেশ বড় চ্যালেঞ্জ।’ কেন সেটাও ব্যাখ্যা করেছেন দ্রাবিড়, ‘বৃত্তের মধ্যে যখন ৫ জন ফিল্ডার থাকবে, তখন খণ্ডকালীন বোলারদের আনা কঠিন হয়ে যাবে। আপনাকে অনেকটা বাধ্য হয়েই তাই ৫ জন বিশেষজ্ঞ বোলার নিতে হচ্ছে। এটা একটা ইতিবাচক দিকও। খণ্ডকালীন বোলার দিয়ে ওভার পার করে দেওয়ার বদলে আপনাকে বাধ্য হয়ে আক্রমণ করতে হবে এবং চেষ্টা করতে হবে উইকেট নেওয়ার।’
এ বিষয়ে দ্রাবিড়ের সঙ্গে একমত সর্বশেষ দুটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া গ্রায়েম স্মিথ, ‘যদি বৃত্তের মধ্যে ৫ ফিল্ডার থাকা অবস্থায় বড় জুটি হয়, পরে পাওয়ার প্লের সুবিধা নেওয়া যায়, তাহলে তো বড় রান তোলার সুযোগ থাকবেই। সে কারণেই খণ্ডকালীন দুজন বোলারের চেয়ে উইকেট নেওয়ার মতো একজন বিশেষজ্ঞ বোলার বেশি দরকার হবে আপনার। যদি বোলিং সেশনে আপনি উইকেট নিতে না পারেন, বড় স্কোর তাড়া করতে হবে।’

গ্রায়েম স্মিথ
গ্রায়েম স্মিথ

আর এই ব্যাপারটা মাথায় রেখেই ব্যাটসম্যানদের জন্য স্মিথের পরামর্শ, ‘আপনাকে ভিত তৈরি করতে হবে। উপমহাদেশে যেমন রিভার্স সুইং আর স্পিন বড় ভূমিকা পালন করে এখানে তেমন নাও হতে পারে। সুতরাং শেষ ২০ ওভারে রানটা পুষিয়ে নেওয়া যেতে পারে। এই ধরনের কন্ডিশনে শুরুতেই ৩-৪টি উইকেট হারিয়ে ফেলা ঠিক হবে না।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসাররা সুবিধা পাবেন এটা জানা কথাই। কিন্তু স্পিনারদের ভূমিকা কী হবে? বিশেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের সেরা স্পিনার নাথান লায়নকে বিশ্বকাপ দলেই না রাখার পর এ প্রশ্নটা আরও বেশি উঠছে। তবে সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের পর্যবেক্ষণ থেকে দ্রাবিড়ের ধারণা স্পিনাররাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন যেকোনো ম্যাচে, ‘যে মাঠগুলোতে টেস্ট সিরিজটা হয়েছে ওই মাঠগুলোতেই তো বিশ্বকাপের খেলা হবে। ওই উইকেটগুলো তো বেশ স্লো ছিল এবং স্পিনাররাও সহযোগিতা পেয়েছে। আপনাকে তাই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে হবে। হ্যাঁ, এমন অনেক উইকেট থাকবে যেখানে স্পিনাররা হয়তো বড় ভূমিকা রাখতে পারবে না। কিন্তু এটা একটা লম্বা টুর্নামেন্ট। ওদেরও গ্রীষ্মকাল, সুতরাং উইকেটের আচরণ বদলাতে পারে। আপনাকে তাই বোলিং আক্রমণে সব ধরনের কন্ডিশনে খেলার মতো বৈচিত্র্য রাখতে হবে।’ ক্রিকইনফো।