দ্রাবিড় যখন কোচ

ক্রিকেটের ভবিষ্যৎ তারকা খুঁজে বের করার সবচেয়ে বড় মঞ্চ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টটিকে আইসিসি অন্তত সেভাবেই দেখে। অতীতে এখান থেকেই উঠে এসেছে অনেক ক্রিকেট মহাতারকা, আসবে ভবিষ্যতেও।
টুর্নামেন্ট যত এগোবে, ততই প্রকাশিত হতে থাকবে প্রতিশ্রুতিশীল তারকাদের ঔজ্জ্বল্য। তবে এবারের যুব বিশ্বকাপের শুরু থেকেই একটা ‘তারা’ বেশ উজ্জ্বল—রাহুল দ্রাবিড়। ২০১২-এর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও খেলাটার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন ভারতের একসময়ের ব্যাটিং ‘দেয়াল’। কখনো বিসিসিআই, কখনো বা স্থানীয় ক্রিকেটের নীতিনির্ধারণে ভূমিকা রেখেছেন। তবে অবসরের পর ক্রিকেটের সঙ্গে তাঁর মূল সম্পৃক্ততা ধারাভাষ্যকার হিসেবে।
রাহুল দ্রাবিড়কে এবারের যুব বিশ্বকাপ দিয়েছে নতুন পরিচয়। তিনি এখন কোচ দ্রাবিড়। পরিচয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই বদলে গেছে ভূমিকা। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের যুবারা আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। কোচ দ্রাবিড় কাল তাই দারুণ ব্যস্ত থাকলেন অনুশীলনে। একাডেমি মাঠের নেট প্র্যাকটিসে দলের দুই ওপেনারকে নিয়েই বেশি কাজ করলেন। পরে অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষানকে সময় দিলেন আলাদা করে। নেট প্র্যাকটিসের পর কয়েকজন ব্যাটসম্যানকে নিজ হাতে বল থ্রো করে নকও করালেন। সবশেষে মাঠের মধ্যে গোল হয়ে মিটিং। মূল বক্তা অবশ্যই কোচ দ্রাবিড়।
তা কোচ কী মন্ত্র দিলেন খেলোয়াড়দের কানে? প্রতিপক্ষের শক্তিমত্তা-দুর্বলতা সম্পর্কে ধারণা দিলেন, নাকি আরেকবার মনে করিয়ে দিলেন নিজেদের করণীয়টাই? অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়ারল্যান্ড টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে শেষ মুহূর্তে। সেটি ছাড়াও এই পর্যায়ের খেলোয়াড়দের সম্পর্কে দ্রাবিড়ের নিজেরও খুব একটা ধারণা থাকার কথা নয়। কাজেই দ্বিতীয় প্রসঙ্গটিই হয়তো ছিল তাঁর বক্তৃতার মূল সুর। হতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের সুখস্মৃতিরও ভাগ দিলেন দ্রাবিড়। এ মাঠে তাঁর ওয়ানডে পারফরম্যান্স ততটা আলোকাড়া না হলেও ২০০৭ ও ২০১০-এ দুই টেস্ট খেলে সেঞ্চুরি করেছিলেন দুটিতেই।
ম্যাচের আগের দিন কোচ দ্রাবিড়ের সবকিছুই ছিল দলকে ঘিরে। সাংবাদিক সমাজ কথা বলতে চেয়েছিল। কিন্তু টিম ম্যানেজার জানালেন, আইসিসির অনুমতি না পেলে কোচ কথা বলবেন না। আইসিসির মিডিয়া বিভাগ থেকে আবার বলা হলো, ভারতের কোচ কথা বলবেন কি না এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আইসিসির করণীয় কিছু নেই। এই করতে করতে অপেক্ষার পালা আর ফুরোল না। রাহুল দ্রাবিড় আর তাঁর দল কোনো কথা না বলেই ছেড়ে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।