দ্রাবিড়কে খোঁচা মেরেই প্রথম ডাকা হয় 'ওয়াল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি
‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি

প্রতিপক্ষের বোলিং যতই শক্তিশালী হোক, রাহুল দ্রাবিড় যেন ছিলেন অবিচল। অবিচল তিনি আস্থায়, অবিচল তিনি ব্যাটিংশৈলীতে! দ্রাবিড় যেন ছিলেন দুর্ভেদ্য একটা দেয়াল। যে দেয়াল ভাঙে সাধ্য কার।


এভাবেই একটা পর্যায়ে ‘দেয়াল’ বা ‘দ্য ওয়াল’ নামেই ডাকা শুরু হলো দ্রাবিড়কে। পত্রিকার পাতা, কিংবা টেলিভিশন—সর্বত্রই এই নাম। টেলিভিশন ধারাভাষ্যকাররা তো বটেই, দ্রাবিড় দেখলেন, সতীর্থরাও তাঁকে ‘দেয়াল’ নামেই ডাকতে শুরু করেছেন।

১৯৯৬ সালে টেস্ট অভিষেকের পর ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে ‘দ্য ওয়াল’ নামটাই দ্রাবিড় নামের প্রতিরূপ হয়ে দাঁড়াল। তাঁর অনন্য ব্যাটিং টেকনিক, ধৈর্য আর লড়াই করার মানসিক শক্তিই এই নামের মূল রহস্য। কিন্তু দ্রাবিড়ের এই নাম এল কোত্থেকে?

দ্রাবিড় সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এসে জানিয়েছেন ‘দ্য ওয়ালে’ নামকরণের রহস্য। বলেছেন, এই নামটা তাঁর খেলোয়াড়ি কৃতিত্বকে সম্মানিত করলেও খুব সম্ভবত প্রথমে নামটা দেওয়া হয়েছিল খোঁচা মারার উদ্দেশে, ‘এখন ঠিক স্পষ্ট করে মনে করতে পারি না কোথা থেকে নামটা এসেছিল বা কোত্থেকে এর শুরু। তবে আমার যত দূর মনে পড়ে, এটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমার খুব দীর্ঘ, চিরাচরিত বিরক্তিকর একটা ইনিংস থেকে। এরপরই প্রথম সেই শিরোনাম দেখলাম “দ্য ওয়াল”।’

দ্রাবিড়ের অনুমান, বিখ্যাত কোনো সাংবাদিক নন, ক্রীড়া লেখক নন, নামটা দিয়েছিলেন পত্রিকা অফিসে ডেস্কে সম্পাদনার কাজে নিযুক্ত কমবয়সী কোনো সাংবাদিকই। প্রথমে যাঁর ভাবনা থেকেই নামটা আসুক, পরে এটি হয়ে গেছে বিখ্যাত। দ্রাবিড় বলেছেন, ‘পরে ভেবে দেখেছি, আমার ক্যারিয়ারের দিকে তাকালে, ভারতের কোনো পত্রিকা অফিসের ডেস্কে বসে থাকা কোনো বুদ্ধিমান ছেলে বা মেয়ের মাথা থেকে আসা নামটা বেশ যথার্থ হয়েছে। অবশ্য তারা ভবিষ্যতেও ব্যবহার করা যায় এমন একটা নামই হয়তো খুঁজছিল। ওরা তখন ভাবল, “দ্য ওয়াল” নামটাই দেওয়া যাক, এখন যেটা খুব ইতিবাচক অর্থে ব্যবহার করা হয়।’

তা হলে কী হবে, ​এই নাম দিয়েই জীবনে কম খোঁচা খাননি দ্রাবিড়। ক্যারিয়ারে যখনই বাজে ফর্মে গেছেন, রান না করে দ্রুত আউট হয়েছেন, তখনই পত্রিকায় শিরোনাম দেখেছেন, ‘ভেঙে দেয়াল পড়েছে’ কিংবা ‘দেয়ালে ফাটল’!