দ্রাবিড়ের কাছ থেকে শিখেছেন ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান হিসেবে নিজের অর্জনের পেছনে দ্রাবিড়ের অবদান স্বীকার করলেন ইউনিস। ছবি: রয়টার্স
ব্যাটসম্যান হিসেবে নিজের অর্জনের পেছনে দ্রাবিড়ের অবদান স্বীকার করলেন ইউনিস। ছবি: রয়টার্স

পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি। আর ১৯ রান করলে পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিকও হয়ে যাবেন। টেস্টের সবচেয়ে কঠিন চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও তাঁর দখলে। দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের তিন নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব বয়ে বেড়ানো ইউনিস খান কৃতজ্ঞতাই জানালেন রাহুল দ্রাবিড়কে। ক্যারিয়ারে সাফল্যের পেছনে ভারতীয় কিংবদন্তির কিছু পরামর্শ ও অনুপ্রেরণা কাজ করেছে বলে জানিয়েছেন ইউনিস।
টেস্টে দলের ব্যাটিং লাইনআপে তিন নম্বর পজিশনকে ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দিকে পাকিস্তানের হয়ে তিনে ব্যাট করতে নামার আগে ইউনিস বেশ শঙ্কায় ছিলেন। কিন্তু পরে শঙ্কা মুছে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ওঠেন। ইউনিস নিজের এই পরিবর্তনের পেছনে দ্রাবিড়কে এক রকম ‘গুরু’ও স্বীকৃতিই দিলেন।
৩৮ বছর বয়সে এসেও ব্যাটে রানের ফোয়ারা ছোটানো ইউনিস বলেছেন, ‘তিন নম্বর পজিশনে রাহুল দ্রাবিড় ছিলেন অসাধারণ। ক্যারিয়ারের শুরুতেই তাঁর দেওয়া উপদেশগুলো আমাকে ব্যাটসম্যান হিসেবে বড় করে তুলেছে।’ ইউনিস জানান, একবার এক সফরে দ্রাবিড়ের সঙ্গে তিন নম্বরে ব্যাট করা নিয়ে বিস্তারিত কথা বলেছিলেন। তখন দ্রাবিড় বেশ কিছু উপদেশ দেন যা সব সময় কাজে লেগেছে। পরে দ্রাবিড়ের সঙ্গে যখনই দেখা হয়েছে, তখন কিছু না কিছু বিষয়ে সাহায্য নিয়েছেন তিনি।
তাই দ্রাবিড়ের প্রতি শ্রদ্ধা ঝরে পড়ল তাঁর প্রতিটি কথায়, ‘দ্রাবিড় অন্যতম সেরা একজন খেলোয়াড়। আধুনিক ক্রিকেটারদের মধ্যে তাঁকে আলাদা করে দেখতেই হবে। আমার সৌভাগ্য আমি তাঁর কাছ থেকে কিছু শিখতে পেরেছি।’
গত মাসে পাল্লেকেলে টেস্টে চতুর্থ ইনিংসে ১৭১ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন। সর্বশেষ ১২ টেস্টে তাঁর ব্যাটে এসেছে সাতটি সেঞ্চুরি। গত এক বছরে টেস্টে ১ হাজার ৪১৫ রান করেছেন ৭৪.৪৭ গড়ে। পিটিআই অবলম্বনে।