দ্রাবিড়ের 'স্যুট' পূজারার গায়ে শুধু ফিট হওয়ার অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড টেস্টে পূজারা। দ্রাবিড়ের মতোই দুর্দান্ত খেলেছেন। ছবি: বিসিসিআই টুইটার পেজ
অ্যাডিলেড টেস্টে পূজারা। দ্রাবিড়ের মতোই দুর্দান্ত খেলেছেন। ছবি: বিসিসিআই টুইটার পেজ
>

চেতেশ্বর পূজারাকে তাঁর টেস্ট অভিষেকের সময় থেকেই বলা হচ্ছে ভারতের ‘পরবর্তী রাহুল দ্রাবিড়’। অ্যাডিলেড টেস্টে কাকতালীয়ভাবে দ্রাবিড়ের সঙ্গে অনেক জায়গায় মিল রেখে ব্যাট করেছেন পূজারা।

অ্যাডিলেড টেস্টে কাল চতুর্থ দিনে ক্রিকইনফোয় একটি কলাম লেখেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল। উঁচু মানের টেস্ট দলের ব্যাটিংয়ে তিন নম্বরে জুতসই ব্যাটসম্যান হিসেবে দুটি গুণের কথা উল্লেখ করেন চ্যাপেল, ‘স্বভাবজাতভাবেই প্রতি-আক্রমণে বিশ্বাসী। আবার একটি ভালো স্পেল ঠেকানোর মতো টেকনিক্যাল দক্ষতাও থাকবে। রিকি পন্টিং এর নিখুঁত উদাহরণ। এ ধরনের ব্যাটসম্যান না পেলে এমন কাউকে দরকার যার থাকবে মৎস্য শিকারির ধৈর্য, প্রাচীরের মতো ডিফেন্স এবং সতীর্থদের জন্য নিঃস্বার্থ মনোভাব—যে কারণে দলের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। রাহুল দ্রাবিড় তিনে এ ধরনের ব্যাটসম্যান। চেতেশ্বর পূজারা এখনই হয়তো দ্রাবিড়ের স্যুটে ফিট নন, তবে দুজন একই কাপড় থেকে বানানো।’

ভারতীয় ক্রিকেটে এই তুলনা নতুন কিছু না। সেখানে পূজারাকে বেশ আগে থেকেই ‘পরবর্তী দ্রাবিড়’ হিসেবে ভাবা হচ্ছে। আর পূজারা নিজেও এই ভাবনার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন। সেটি অবশ্যই ব্যাট হাতে। অ্যাডিলেড টেস্টের কথাই ধরুন। ভারতের প্রথম ইনিংসে সবাই যখন যাওয়া-আসার মিছিলে ব্যস্ত পূজারা তখন এক প্রান্ত আগলে মান বাঁচিয়েছেন ভারতের। ‘মৎস্য শিকারি’র ধৈর্য নিয়ে সেই ইনিংসে পূজারা খেলেছেন ২৪৬ বল—অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দীর্ঘতম ইনিংস—তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিও। পূজারার সেই ‘প্রাচীরসম’ ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ২৫০ রানের পুঁজি পেয়েছিল ভারত।

এবার আসুন ভারতের দ্বিতীয় ইনিংসে। ১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। দলীয় ৬৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর পূজারা ভারতের ইনিংস টেনেছেন ২৩৪ রান পর্যন্ত। নিজে খেলেছেন ৭১ রানের দারুণ এক সময়োপযোগী ইনিংস। আর এই দুটি ইনিংসেই দ্রাবিড়ের সঙ্গে তাঁর কী মিল! না, শুধু দলের বিপদে ঠান্ডা মাথায় চওড়া ব্যাটে হাল ধরার জন্য নয়। মিলটা কাকতালীয়।

২০০৩ সালে অ্যাডিলেড টেস্টে রাহুল দ্রাবিড়। ছবি: বিসিসিআই টুইটার পেজ
২০০৩ সালে অ্যাডিলেড টেস্টে রাহুল দ্রাবিড়। ছবি: বিসিসিআই টুইটার পেজ

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেবার এই অ্যাডিলেডেই সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। টেস্টে চতুর্থ সর্বোচ্চ এই রান সংগ্রাহকের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই ছিল প্রথম সেঞ্চুরি। মিলটা নিশ্চয়ই ধরতে পেরেছেন? সেই অ্যাডিলেডেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন পূজারাও। আরও কাকতালীয় ব্যাপার হলো, দ্রাবিড়-পূজারা দুজনেই সেঞ্চুরি পেয়েছেন ভারতের প্রথম ইনিংসে। পার্থক্য শুধু, দ্রাবিড় তাঁর ইনিংসটা টেনে ‘ডাবল’ সেঞ্চুরি বানিয়েছিলেন। আর সেটি ছিল সেই সিরিজের দ্বিতীয় টেস্ট, আর পূজারা সেঞ্চুরি করলেন প্রথম টেস্টে। কিন্তু এরপরও আরেকটি মিল আছে দুজনের মধ্যে—অ্যাডিলেডে প্রথম ইনিংসে ‘ডাবল’ তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়। পূজারাও এই অ্যাডিলেডেই প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ফিফটি।

প্রথম ইনিংসের সেই সেঞ্চুরি তুলে নেওয়ার পথে টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক টপকে যান পূজারা। আর এই মাইলফলক অতিক্রম করার পথেও তিনি বিচিত্রভাবে ছুঁয়েছেন রাহুল দ্রাবিড়কে। ৫ হাজার রান করতে পূজারা খেলেছেন ১০৮ ইনিংস। কাকতালীয়ভাবে দ্রাবিড়েরও ৫ হাজার রান করতে ওই ১০৮ ইনিংসই লেগেছিল! দাঁড়ান, আশ্চর্যের শেষ এখানেই নয়। এর আগে চার হাজার রান করতে পূজারার লেগেছিল ৮৪ ইনিংস, দ্রাবিড়েরও তাই। এমনকি তিন হাজার রান করতে দ্রাবিড় যত ইনিংস খেলেছেন, পূজারারও ঠিক তত ইনিংসই লাগল—৬৭ ইনিংস! আর হ্যাঁ, ১৫ বছর আগে অ্যাডিলেডের সেই টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন দ্রাবিড়। এবার অ্যাডিলেড টেস্টে ম্যাচসেরা কে—তা না বললেও চলে। পূজারার ওই দুটি ইনিংসে ভর করেই তো লড়াইয়ের পুঁজি পেয়েছেন অশ্বিনরা।

চ্যাপেল ঠিকই বলেছেন। দ্রাবিড় ও পূজারা ‘একই কাপড়’-এর ক্রিকেটার, আর সেই কাপড়ের যে ‘স্যুট’ দ্রাবিড় ফেলে রেখে গেছেন, তা পূজারার গায়ে ফিট হওয়া শুধুই সময়ের ব্যাপার।