ধন্যবাদ জানিয়ে আইসিসির জবাব
আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাজ করার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। পরশু লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে বক্তৃতায় ক্ষোভ জানিয়েছেন সাহায্যকারী খেলোয়াড়দের সঙ্গে আইসিসির আচরণ নিয়েও। এর জবাব দিতে অবশ্য দেরি করেনি আইসিসি। কালই এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ম্যাককালামকে ধন্যবাদ জানিয়েছে দুর্নীতি দমনে আইসিসিকে সাহায্য করার জন্য। একই সঙ্গে আইসিসি দাবি করেছে, আকসুর কর্মপদ্ধতিও সংস্কার করা হয়েছে।
ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাককালাম আকসুর কাছে যে সাক্ষ্য দিয়েছিলেন, সেটি ফাঁস হয়ে গিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। যেটি নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন সাবেক কিউই অধিনায়ক। আইসিসি দাবি করেছে, নথিটি তাদের কাছ থেকে ফাঁস হয়নি। বিবৃতিতে আইসিসি বলেছে, ‘ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে সাহসী ভূমিকার জন্য দুই বছর আগেও আমরা ম্যাককালামকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম, এখনো জানাচ্ছি।’
আকসুর কাজ করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যাককালাম। কাল বিবৃতিতে আইসিসি দাবি করেছে, ২০১৪ সালে আইসিসির একটি কমিটির সুপারিশের পর গত বছর বারবাডোজে বার্ষিক সভায় এই প্রক্রিয়া সংস্কার করা হয়েছে। ক্রিকেটারদের আস্থা অর্জনে আইসিসি সব চেষ্টা করছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। এএফপি।