ধন্যবাদ বন্ধু, ওয়ার্নারকে মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট শেষে পুরস্কার বিরতণীতে সিরিজ সেরা ওয়ার্নারকে শুভেচ্ছা জানালেন মোস্তাফিজ। ছবি: ফেসবুক
টেস্ট শেষে পুরস্কার বিরতণীতে সিরিজ সেরা ওয়ার্নারকে শুভেচ্ছা জানালেন মোস্তাফিজ। ছবি: ফেসবুক

মোস্তাফিজকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পেরেছে যে অধিনায়কেরা, ডেভিড ওয়ার্নার তাঁদের অন্যতম। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক হিসেবে ২০১৬ আইপিএলে মোস্তাফিজকে নিজের আসল অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন ওয়ার্নার। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তরুণ এই বোলারকে মানিয়ে নিতেও সাহায্য করেছেন রংচঙে ক্রিকেটের সেই আসরে। সংবাদমাধ্যম কি সোশ্যাল মিডিয়া, সবখানে উচ্চকিত প্রশংসাও করেছেন ফিজের। দুজনের সম্পর্কটাও দারুণ।

এবার দুজন মুখোমুখি হলেন টেস্টে। চট্টগ্রাম টেস্টে নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে দুই ইনিংসেই ওয়ার্নারকে আউট করেছেন মোস্তাফিজ। এই সিরিজে সবচেয়ে সফল ব্যাটসম্যান ওয়ার্নার পরশু সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলেছেন। মোস্তাফিজের ঠিকমতো যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘ও অসাধারণ এক বোলার। বাংলাদেশের উচিত ওর প্রতি খেয়াল রাখা। এমন যদি হয় সামনে অনেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট আছে, তাহলে অবশ্যই এটা ঠিক করে নিতে হবে যে ওয়ানডে, টেস্ট না টি-টোয়েন্টি কোনটাকে প্রাধান্য দিতে হবে। এটা নিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। ও ব্যতিক্রমধর্মী এক বোলার। তিন ধরনের ক্রিকেটই খেলবে নাকি যেকোনো এক বা দুই ধরনের...সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’
এর মধ্যে মোস্তাফিজের জন্মদিনও ছিল। বুধবার ২২তম জন্মদিনে ওয়ার্নারের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন। কাল ম্যাচ শেষে দুজনের মধ্যে কিছু কথাও হয়েছে। ওয়ার্নার বিদায় নেওয়ার আগে ফেসবুকে নিজের পেজে মোস্তাফিজ ধন্যবাদ জানালেন ওয়ার্নার। দুজনের ছবি দিয়ে মোস্তাফিজ তাতে লিখেছেন: আমার এই সুন্দর বাংলাদেশে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। ভালোবাসা ও শ্রদ্ধা রইল তোমার প্রতি।’