ধবলধোলাই উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া এগিয়ে ৩৯১ রানে। হাতে ছিল ৮ উইকেট ও দুই দিনেরও বেশি সময়। দলের সামনে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজকে আরও বড় রানপাহাড়ের সামনে দাঁড় করিয়ে দেওয়ার। কিন্তু সবাইকে অবাক করে এখানেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামিয়ে দিলেন মাইকেল ক্লার্ক। পরশু কিংস্টন টেস্টের তৃতীয় দিনের আলোচিত ঘটনা বলতে ২১২ রানেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করা। বাকি আর সবকিছু মেনে চলেছে চিত্রনাট্যই। ফল, গতকাল চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের ২৭৭ রানের পরাজয়। এই হারে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই স্বাগতিকরা।
জেসন হোল্ডারের (৮২*) বীরত্বে ফলোঅন এড়ালেও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ফেরে সেই হতশ্রী চেহারাতেই। জয়ের জন্য ৩৯২ রানের লক্ষ্য নিয়ে শুরু করে আগের দিনই ইনিংসের প্রথম ওভারে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল তারা। ২ উইকেটে ১৬ রান নিয়ে কাল দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১১৪ রানে। অর্থাৎ ৯৮ রান যোগ করতেই এদিন তারা হারিয়ে ফেলে শেষ ৮ উইকেট। ফিফটিশূন্য ইনিংসে সর্বোচ্চ অবদান দিনেশ রামদিনের—২৯। দুই অঙ্কের রান করতে পেরেছেন আর মাত্র তিনজন—ব্রাভো (১১), হোপ (১৬) ও পেরমল (২৩*)। আগের দিন ব্রাফেট ও চন্দ্রিকা—দুই ওপেনারকেই শূন্য রানে ফিরিয়ে দেওয়া মিচেল স্টার্ক সবচেয়ে সফল বোলার। ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া: ৩৯৯ ও ৬৫ ওভারে ২১২/২ ডি. (মার্শ ৬৯, ওয়ার্নার ৬২, স্মিথ ৫৪*; রোচ ১/২৬, পেরমল ১/৮৩)। ওয়েস্ট ইন্ডিজ: ২২০ ও ৪২ ওভারে ১১৪ (রামদিন ২৯, পেরমল ২৩*, হোপ ১৬, ব্রাভো ১১; স্টার্ক ৩/৩৪, লায়ন ২/১২, হ্যাজলউড ২/১৮, জনসন ২/২৩, ওয়াটসন ১/৩)।
ফল: অস্ট্রেলিয়া ২৭৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভ স্মিথ। ম্যান অব দ্য সিরিজ: জশ হ্যাজলউড।