>২০০৬ সাল থেকে এ পর্যন্ত লর্ডসে ২১টি টেস্ট হয়েছে, এর মধ্যে প্রথমে ব্যাটিং করা দল হেরেছে মাত্র একবার!
হেডিংলিতে প্রথম টেস্টটা তিন দিনেই জিতে গিয়েছিল ইংল্যান্ড। ডারহামে পরের টেস্টটা জিততে খেলতে হয়েছে চতুর্থ দিন পর্যন্ত। এই সফরে এখন পর্যন্ত শ্রীলঙ্কার যে চেহারা, তাতে আজ শুরু লর্ডস টেস্টটা পঞ্চম দিন পর্যন্ত গড়ালে, সেটিকেই ‘উন্নতি’ বলে দেওয়া যাবে। আগের দুই টেস্টের চার ইনিংসে তিনবারই ১২০ রানের নিচে অলআউট লঙ্কানদের জন্য জয়ের আশাটা বাড়াবাড়িই। ড্র করতে পারলে সেটিই হবে বড় ‘অর্জন’। মোটকথা, সিরিজে ধবলধোলাই এড়ানোটাই লর্ডসে শ্রীলঙ্কানদের বড় চ্যালেঞ্জ।
আগের দুটি টেস্টে ব্যাট হাতে ব্যর্থতায় একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডও হয়ে গেছে শ্রীলঙ্কার। ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কাই ইংল্যান্ড সফর করা প্রথম দল, যারা টানা তিন ইনিংসে ১২০-এর নিচে অলআউট হয়েছে। খুব স্বাভাবিকভাবেই লর্ডসেও ব্যাটিংই শ্রীলঙ্কার সবচেয়ে বড় দুশ্চিন্তা। লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে অবশ্য দলের ব্যর্থতার পেছনে একটা কারণ খুঁজে পেয়েছেন। টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কাউন্টির দ্বিতীয় বিভাগের দুটি দলের বিপক্ষে। প্রস্তুতিটা তাই যথাযথ হয়নি বলেই মনে করেন করুনারত্নে, ‘কাউন্টির দ্বিতীয় বিভাগের বোলারদের খেলাটা তো খুব কঠিন কিছু না। এ রকম বোলারদের খেলে আপনি যখন হঠাৎ অ্যান্ডারসন-ব্রডের সামনে পড়বেন, সমস্যা তো হবেই। তখন ভুলও বেশি হবে, উইকেটও সহজে দিয়ে আসবেন।’ এর পর অভিযোগের সুরেই বললেন, ‘ইংল্যান্ড যখন শ্রীলঙ্কা সফরে যায়, তারা কিন্তু আমাদের “এ” দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়।’
কথাগুলো হয়তো ভুল নয়। আবার অনেকের কাছে এটা স্রেফ অজুহাত মনে হতে পারে। তবে যেটাই হোক, মানসিকভাবেও যে শ্রীলঙ্কা এই টেস্টের আগে সেরা অবস্থায় নেই, সেটি বোঝাই যাচ্ছে। আর এটা বুঝেই কি না, ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশও যেন সান্ত্বনা দিচ্ছেন শ্রীলঙ্কাকে, ‘ওরা কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উন্নতি করেছে। আশা করছি আরও করবে। লর্ডসের উইকেট দেখে ওরা হয়তো খুশি হতেও পারে।’
লর্ডসের উইকেট নিয়ে রামপ্রকাশের কথাটা অবশ্য শ্রীলঙ্কার জন্য একটু হলেও আশা জাগানিয়া। এ মৌসুমে এখন পর্যন্ত কাউন্টির তিনটি ম্যাচ হয়েছে লর্ডসে। কোনো দলই ৩৫০ রানের কমে অলআউট হয়নি। এটা যদি আশার কথা হয়, তবে শ্রীলঙ্কার জন্য বাড়তি দুশ্চিন্তা দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ফর্ম। আগের দুই টেস্ট মিলিয়ে শ্রীলঙ্কার যে ৪০টি উইকেট পড়েছে, এর ২৮টি উইকেটই পেয়েছে অ্যান্ডারসন-ব্রড জুটি! এএফপি।