স্বাদ না বলে বিস্বাদ বলাই ভালো। ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার সেই বিস্বাদটা অস্ট্রেলিয়া সর্বশেষ পেয়েছে সেই ১৮৮৭ সালে। দুই ম্যাচের সিরিজটা ২-০-তে জিতেছিল ইংল্যান্ড। এরপর ঘরের মাঠে কখনো ধবলধোলাই না হলেও দেশের বাইরে আরও সাতবার এই লজ্জা পেয়েছে অস্ট্রেলীয়রা। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়া। আজ শুরু অ্যাডিলেড টেস্টেও স্টিভেন স্মিথের দল হেরে গেলে দুই অঙ্ক ছোঁবে অস্ট্রেলিয়ার ধবলধোলাই সংখ্যা। টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে কম ধবলধোলাই হয়েছে মাত্র তিনটি দল—ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দুই বা ততোধিক ম্যাচের সিরিজে এই তিন দল আটবার করে ধবলধোলাই হয়েছে। মুদ্রার উল্টো পিঠে অবস্থান বাংলাদেশের। ৪৪ বার দুই বা ততোধিক ম্যাচের সিরিজ খেলে ২৮টিতেই ধবলধোলাই হয়েছে টেস্টের নবীনতম দলটি। তবে ২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর এই লজ্জা পায়নি বাংলাদেশ।
টেস্ট সিরিজে ধবলধোলাই
৮ ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা
৯* অস্ট্রেলিয়া
১০ ভারত
১২ শ্রীলঙ্কা
১৫ ওয়েস্ট ইন্ডিজ
১৯ নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে
২৮ বাংলাদেশ