ধবলধোলাইয়ের অপেক্ষায় ভারত
২,৩, ৪...৫?
মধ্যপ্রদেশের ক্রিকেটামোদীরা খুব খুশি হচ্ছেন যে, ধারাটা চারেই থামল। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়াম প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছে ২০০৬ সালে। এর পরের তিনটি ম্যাচ হয়েছে যথাক্রমে ২,৩ ও ৪ বছরের বিরতিতে। ক্রমবর্ধমান বিরতির এ সূত্র অনুযায়ী ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেওয়ার পর ২০২০ সালের আগে আর কোনো ম্যাচ পাওয়ার কথা ছিল না ইন্দোরের!
ভাগ্যিস, ভারতীয় ক্রিকেট বোর্ড তা করেনি, তাতেই আজ ইন্দোর লিখতে পারছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো টেস্ট আয়োজন করছে মধ্যপ্রদেশ, টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে ইন্দোর।
এমন উপলক্ষে ভারতের লক্ষ্যটা খুব পরিষ্কার—নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা। ইন্দোরের ইতিহাসও বলছে, এ মাঠে ভারতই ফেবারিট। ৪টি ওয়ানডের প্রতিটিতেই জয়ী তারা। আর ইন্দোরের ইতিহাস উপেক্ষা করলেও দেশের মাটিতে গত ১৩ টেস্টে অপরাজিত ভারত—এ পরিসংখ্যান তো ভোলা সম্ভব নয়।
নিউজিল্যান্ডের জন্য স্বস্তি হয়ে আজ খেলতে পারেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। জ্বরের কারণে কলকাতা টেস্ট খেলেননি উইলিয়ামসন। তাঁর অভাবও পূরণ হয়নি, দুই ইনিংসেই দুই শর আশপাশে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। বোলিং কোচ শেন জার্গেনসেনও অধিনায়কের ফেরার অপেক্ষায় আছেন, ‘এখনো পর্যন্ত আমরা আশাবাদী। কালই (আজ) নিশ্চিত হওয়া যাবে। সে আজ অনুশীলনে ব্যাটিং করেছে। কাল আবার দেখব, তবে আমরা ইতিবাচক।’
উইলিয়ামসন ফিরবেন কি না, সেটা জানা না গেলেও দুই বছর পর যে গৌতম গম্ভীর ফিরছেন, সেটা অনেকটাই নিশ্চিত। আগের টেস্টেই জরুরি ভিত্তিতে ডেকে আনা হলেও মাঠে নামতে পারেননি। তবে তৃতীয় টেস্টের আগে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের চোট তাঁর একাদশে ঢোকাটা এক রকম নিশ্চিত করে দিয়েছে। চোটের ধাক্কাটা অবশ্য বোলিংয়েই বেশি টের পাবেন বিরাট কোহলি। পিঠের চোট কেড়ে নিয়েছে ইডেনে দারুণ বল করা ভুবনেশ্বর কুমারকে, তাঁর জায়গায় ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা শার্দুল ঠাকুর। ক্রিকইনফো।