ধবলধোলাইয়ের কথাও ভাবছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা রবিচন্দ্রন অশ্বিন l এএফপি
ম্যাচসেরা রবিচন্দ্রন অশ্বিন l এএফপি

প্রথম ইনিংসে উইকেটই পাননি। ব্যাট হাতে সেঞ্চুরি করেই ক্লান্ত হয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন! হতে পারে, ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের তৃতীয় দিনের উইকেট থেকে তেমন সহায়তাও পাননি। আক্ষেপ যদি কিছুটা থেকেও থাকে সেটি দ্বিতীয় ইনিংসে একেবারে সুদে-আসলে উশুল করলেন অশ্বিন। ২৫ ওভারে ৮৩ রান দিয়ে ৭ উইকেট! ফলো অনে পড়া ওয়েস্ট ইন্ডিজ যে ২ উইকেটে ৮৮ থেকে শেষ পর্যন্ত ২৩১ রানে অলআউট হয়ে গেল, সেটি তো অশ্বিনের অফ স্পিন সামলাতে না পেরেই।
চার ম্যাচ সিরিজের প্রথমটি ভারত জিতে নিল ইনিংস ও ৯২ রানে। অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচসেরার পুরস্কার এনে দিল অশ্বিনকে। এশিয়ার বাইরে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়। যে জয়ে অধিনায়ক বিরাট কোহলি এখন ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বপ্ন দেখারও সাহস পাচ্ছেন!
দাপুটে জয়ে ভারত অধিনায়ক নিজেও বড় ভূমিকা রেখেছেন ক্যারিয়ার-সেরা ২০০ রানের ইনিংস খেলে। অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছেন পেসাররাও। সব মিলিয়ে জয়ের ধরনে উচ্ছ্বসিত কোহলি, ‘এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমরা একবার মাত্র ব্যাট করেছি, প্রতিপক্ষকে দুবার অলআউট করেছি।’
প্রথম টেস্টেই পাওয়া এই ছন্দটা পুরো সিরিজেই ধরে রাখতে চান কোহলি, ‘আমরা জয়ের অভ্যাস গড়ে তুলতে চাই। এটা একটা ভালো অভ্যাস। আর জানেনই তো, জয় ব্যাপারটা সংক্রামক। আপনি যদি আগে টেস্ট ম্যাচ জেতা শিখে ফেলেন, তাহলে একসময় সব জায়গায় টেস্ট ম্যাচ জেতাটাও শিখে যাবেন।’
অধিনায়ক কোহলির আক্রমণাত্মক মানসিকতা আগেই প্রশংসিত হয়েছে। এবার সঙ্গে যোগ হয়েছে কোচ অনিল কুম্বলের বিচক্ষণতা। সব মিলিয়ে বিদেশের মাটিতে এ যেন এক অন্য ভারত। কোহলি সে কারণেই বলতে পারলেন, ‘আমাদের যদি ৪-০ ব্যবধানে জেতার সুযোগ থাকে, আমরা সেই চেষ্টা অবশ্যই করব। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যদি আমরা ২-০ ব্যবধানে এগিয়ে যাই, এমন না যে আমরা বাকি দুটি টেস্ট ড্রয়ের জন্য খেলব।’
কোহলিতে মুগ্ধ ম্যাচসেরা অশ্বিনও। বিশেষ করে তাঁকে ৮ নম্বর থেকে তুলে এনে ৬ নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর জন্য অধিনায়কের কাছে কৃতজ্ঞ ভারতীয় স্পিনার, ‘আমি খুব বিস্মিত হয়েছিলাম ওই সিদ্ধান্তে। সেদিন সকালে বিরাট আমাকে বলেছিল ৬ নম্বরে ব্যাট করতে হবে। আমিও চেয়েছি, এই আস্থার প্রতিদান দিতে। সব সময় আমি নিজেকে অলরাউন্ডারই মনে করে এসেছি।’ সূত্র: এনডিটিভি, এএফপি।
টেস্টে সবচেয়ে বেশিবার এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট
৫ ইয়ান বোথাম ইংল্যান্ড
২ গ্যারি সোবার্স ওয়েস্ট ইন্ডিজ
২ মুশতাক মোহাম্মদ পাকিস্তান
২ জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা
২ সাকিব আল হাসান বাংলাদেশ
২ রবিচন্দ্রন অশ্বিন ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৯২ রানের জয় এশিয়ার বাইরে ভারতের সবচেয়ে বড় জয়। আর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বড় পরাজয়।
রবিচন্দ্রন অশ্বিনের ৭/৮৩ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স।
এশিয়ার বাইরে সর্বশেষ ২৪ টেস্টে এটি ভারতের মাত্র দ্বিতীয় জয়