ধবলধোলাইয়ের পরেও পাকিস্তানই 'ফেবারিট'!
>কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে এসেছে পাকিস্তান। তবু এই বিশ্বকাপে পাকিস্তানকেই ফেবারিট মানছেন দলের সাবেক তারকা ইনজামাম-উল-হক।

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এবার ক্রিকেটের সবচেয়ে বড় এই শিরোপা কে জিতবে, এ নিয়ে যথারীতি জল্পনাকল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি তারকা ব্যাটসম্যান ইনজামাম–উল–হকও। এবার বিশ্বকাপ জেতার যোগ্য দল হিসেবে ইনজামাম বলেছেন নিজের দেশ পাকিস্তানের নাম।
ইনজামাম নিজেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক। বিশ্বকাপ জেতার জন্য মোটামুটি সবার বাজি ইংল্যান্ড, ভারত বা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ হলেও নিজেদের দল নিয়ে যথেষ্ট আশাবাদী ইনজামাম, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমরা বিশ্বকাপের জন্য সবচেয়ে ভালো দলটা পাঠাব। বিশ্বকাপের অন্যতম দাবিদার হবে সেই দল।’
কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে ধবলধোলাই হয়ে এসেছে পাকিস্তানিরা। এ অবস্থায় কীভাবে নিজের দলকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখছেন ইনজামাম? ব্যাখ্যা করেছেন ইনজামাম, ‘দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষ আমাদের মূল একাদশের সাতজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। শেষ দুই ম্যাচে তো বলতে গেলে আমাদের মূল দলের ১০ জনই খেলেনি। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপের আগে আমাদের বেঞ্চের খেলোয়াড়েরা কে কেমন শক্তিশালী, সেটা পরখ করে দেখা। সে লক্ষ্যে আমরা মোটামুটি সফল আমি বলব। বেশ কয়েকটা ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে প্রায়ই হারিয়ে দিচ্ছিলাম। তাদের জায়গায় যদি আমাদের মূল একাদশের নিয়মিত খেলোয়াড়েরা খেলত, তাহলে হয়তো সিরিজের কিছু ম্যাচ আমরাও জিততাম, এভাবে ধবলধোলাই হতে হতো না।’
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া বেশ জরুরি ছিল বলে মনে করছেন ইনজামাম, ‘বিশ্বকাপের ব্যস্ত সময়সূচির মধ্যে বিশ্রাম একদমই পাওয়া যায় না। তাই আমরা ঠিক করেছিলাম আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপের সময় যাতে সম্পূর্ণ ফিট থাকে, এ জন্য কিছুদিন বিশ্রাম দিতে।’
ইনজামামের আশার প্রতিফলন কতটুকু করতে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা, সেটা দেখার জন্য ১৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিশ্বকাপের ফাইনাল যে সেদিনই!