ধর্মঘটের হুমকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের হুমকি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। তাঁদের নেতৃত্বে আছেন ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি।
ধর্মঘটের হুমকি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। তাঁদের নেতৃত্বে আছেন ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি।

কোচিতে আজই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা হুমকি দিয়েছেন, তাঁদের পাওনা-গন্ডা নিয়ে সমস্যার সুরাহা না হলে এই ম্যাচ তাঁরা বয়কটও করতে পারেন।
খেলোয়াড়দের অভিযোগ মূলত ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন (ডব্লুআইপিএ) ও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (ডব্লুসিএ) বিরুদ্ধে। সম্প্রতি এই দুই সংগঠনের মধ্যে খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে হওয়া নতুন এক চুক্তিতে ক্যারিবীয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষিত না হওয়ার বিষয়টি সামনে নিয়ে এসে এই বয়কটের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডব্লুআইপিএ ও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড গত সেপ্টেম্বর মাসে খেলোয়াড়দের বেতন-ভাতার ব্যাপারে এক চুক্তি স্বাক্ষর করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়েরা মনে করেন এই চুক্তির মাধ্যমে ডব্লুআইপিএ তাঁদের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নতুন এই চুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওনা কমে যাচ্ছে, ক্রিকেটারদের মূল অভিযোগ এটিই।
ক্রিকেটারদের পক্ষে এ ব্যাপারে মুখপাত্রের ভূমিকা পালন করছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তিনি বলেছেন, নতুন চুক্তির ব্যাপারে তাঁদের নাকি কিছুই জানতে দেওয়া হয়নি। চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে ‘ধাপ্পাবাজি’ করা হয়েছে বলেও অভিযোগ ব্রাভোর। ডব্লুপিএ সভাপতি, সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ওয়েভাল হাইন্ডসের কাছে লেখা এক চিঠিতে ব্রাভো এই অভিযোগ করেন।
চিঠিতে তিনি ভারতের বিপক্ষে সিরিজ বয়কটের ইঙ্গিতও দিয়ে রেখেছেন, ‘পারিশ্রমিকের ব্যাপারে এ ধরনের অনিশ্চয়তার পরিস্থিতি আমাদের ভারতের বিপক্ষে একটি সিরিজে মাঠে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা খেলোয়াড়েরা মনে করি, এই অনিশ্চয়তার পরিস্থিতি মেনে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না।’
এদিকে, ক্যারিবীয় ক্রিকেটারদের এই হুমকির মধ্যে অত্যন্ত বিপাকে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা আগেভাগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বেশ কিছু ক্যারিবীয় ক্রিকেটারের না খেলার বিষয়টি জানিয়ে রেখেছে। তারা এ ব্যাপারে ক্ষমাও প্রার্থনা করেছে। তবে সমস্যাটি সমাধানে তারা কী উদ্যোগ নিচ্ছে, সে ব্যাপারে তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি।
ব্রাভো তাঁর চিঠিতে ডব্লুপিএ সভাপতি ওয়েভাল হাইন্ডসের বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাতে’র অভিযোগও করেছেন। তিনি লিখেছেন, ‘যে ব্যক্তি একাধারে জ্যামাইকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন নির্বাচক এবং অ্যাসোসিয়েশনের সদস্য, তিনি যদি খেলোয়াড়দের সংগঠনেরও সভাপতির দায়িত্ব পালন করেন, সে ​ক্ষেত্রে স্বার্থের সংঘাত না হয়ে পারেই না।’
ডব্লুপিএ অবশ্য জানিয়েছে, নতুন এই চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলা খেলোয়াড়দের বাইরে কমপক্ষে আরও ১০০ ক্রিকেটার সরাসরি বোর্ডের বেতন-কাঠামোর আওতায় আসবেন। আগের চুক্তিতে ক্যারিবীয় দলের খেলোয়াড়েরাই কেবল বোর্ডের বেতন-কাঠামোর আওতায় ছিলেন।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়েরা আশঙ্কা করছেন, নতুন এই চুক্তির ফলে তাঁদের প্রাপ্তি অনেকটাই কমে যাওয়ার উপক্রম হয়েছে। তারা হিসাব করে দেখিয়েছেন, এই চুক্তিতে নাকি একেকজন আন্তর্জাতিক ক্রিকেটারের পারিশ্রমিক কমে যাবে ৭৫ শতাংশ হারে। ডব্লুপিএ অবশ্য জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের এই শঙ্কা নিতান্তই অমূলক।
পারিশ্রমিক নিয়ে ঝামেলা ক্যারিবীয় ক্রিকেটে নতুন কিছু নয়। ২০০৯ সালে পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ বয়কট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ মুহূর্তে মূল খেলোয়াড়েরা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় একটি দ্বিতীয় সারির দল মাঠে নামাতে বাধ্য হয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। সেই সিরিজে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: রয়টার্স।