ধর্মশালার ভারত-পাকিস্তান ম্যাচ ইডেনে ?

১৯ মার্চের ম্যাচ দেখার আশায় ধর্মশালার ফ্লাইট ধরতে যাঁরা টিকিট বুকিং দিয়ে রেখেছেন, তাঁদের হয়তো তা বাতিল করতে হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটা হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ধর্মশালায় হওয়ার কথা। কিন্তু ম্যাচটা ওখানে হবে কি না বিরাট এক প্রশ্নচিহ্ন ঝুলে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা সরে আসতে পারে কলকাতার ইডেন গার্ডেনে!
ধর্মশালার ম্যাচ নিয়ে অনিশ্চয়তা চলছে বেশ কয়েক দিন থেকেই। কারণ, ওখানে ম্যাচ দেওয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং কদিন আগে বলে দেন, ধর্মশালায় পাকিস্তান দলের নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না। কেন্দ্রীয় সরকারকে নিজেদের অপারগতার কথা জানিয়ে চিঠিও লিখেছেন বীরভদ্র। জঙ্গি হামলায় কদিন আগে হিমাচলের দুজন ভারতীয় সেনা মারা গেছেন। এর পর থেকেই সেখানে পাকিস্তানের ম্যাচ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। তার ওপর বীরভদ্র মনে করিয়ে দিয়েছেন, পার্শ্ববর্তী কাংরা ভ্যালিতে অনেক সেনাসদস্য থাকেন, যাঁদের মধ্যে অনেকে কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ম্যাচটি ধর্মশালায় হলে ওই যোদ্ধাদের অনুভূতিতে আঘাত লাগবে বলে মনে করছে হিমাচল প্রদেশের ক্ষমতাসীন দল কংগ্রেস।
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ার খান কাল হুমকির সুরেই বললেন, নিরাপত্তার পূর্ণ আশ্বাস না দিলে ভারতে নাও যেতে পারে পাকিস্তান। পাকিস্তান সরকারও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন শাহরিয়ার। সাবেক আইসিসি সভাপতি এহসান মানিও বলেছেন, পাকিস্তানের কোনো অবস্থাতেই ধর্মশালায় যাওয়া উচিত হবে না। পরে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর সংবাদ সম্মেলনে আশ্বাস দিয়েছেন, পাকিস্তানের জন্য সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ম্যাচটা ধর্মশালা থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেন।
কিন্তু যেখানে হিমাচলের রাজ্য সরকারই দায়িত্ব নিতে চাইছে না, সেখানে ম্যাচটা ধর্মশালা থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি বলছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এর মধ্যে ইডেন গার্ডেনকে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে।