ধর্মশালায় জয় ভারতের

বিতর্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল এই সিরিজের সঙ্গে। কথার লড়াইয়ে দুই দলের খেলোয়াড়েরা জড়িয়েছেন। মাঠের কিছু ঘটনাও বিতর্ক তৈরি করেছে বারবার। কিন্তু শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতার পসরা সাজিয়েই শেষ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ধর্মশালা টেস্টে ৮ উইকেটে জিতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়ে এ নিয়ে চতুর্থবারের মতো কোনো সিরিজ জিতল ভারত। পুনেতে প্রথম টেস্টে হারের পর বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ফিরে আসে তারা। এরপর রাঁচি টেস্ট ড্র হওয়ার পর ধর্মশালার শেষ টেস্টটা সহজেই জিতে সিরিজ নিশ্চিত করল ভারত। এই সিরিজের আগে ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে, ২০০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের পরেও সিরিজ জিতেছিল ভারত। এই মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জিতেছে তারা। বাংলাদেশের সফরটিতে টেস্ট ছিল অবশ্য একটি।
ধর্মশালায় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে গুটিয়ে দিয়েই টেস্টের লাগামটা নিজেদের হাতে নিয়ে এসেছিল ভারত। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যে নেমে কাল তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৯ রান করে ফেলেছিল তারা। আজ চতুর্থ দিন দেড় ঘণ্টার মধ্যেই জয়টা তুলে নিল তারা।
চতুর্থ দিন সকালে মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বিজয় প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ম্যাথু ওয়েডের হাতে। পূজারা অবশ্য রান আউট হন রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। লোকেশ রাহুল আর অজিঙ্কা রাহানের ব্যাটে সিরিজটা নিশ্চিত করে ফেলে ভারত। রাহুল ৫১ আর রাহানে ৩৮ রানে অপরাজিত থাকেন। রাহুল ৭৬ বলে নিজের ইনিংসটা খেললেও রাহানে যেন ম্যাচটা দ্রুতই শেষ করতে চাইলেন। ২৭ বলে ৪টি চার আর ২ ছয়ে ৩৬ রান করেন তিনি।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়কে এখনো পর্যন্ত সেরা সিরিজ জয়ের মর্যাদা দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কাঁধের চোটের কারণে ধর্মশালায় অবশ্য খেলেননি তিনি। তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা আবেগপূর্ণ হলেও অস্ট্রেলিয়া যেভাবে এই সিরিজে লড়েছে সেটা ছিল অদ্ভুত। আমরা গোটা সিরিজে বারবার পিছিয়ে পড়েছি, আবার লড়াইয়ে ফিরেছি। ভারতীয় দলের লড়াকু মনোভাব আর পরিণত হয়ে ওঠার উদাহরণ এটি।’
ধর্মশালা টেস্টে ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক অজিঙ্কা রাহানেকেও প্রশংসায় ভাসিয়েছেন কোহলি, ‘অজিঙ্কা কিন্তু দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। দলে পরিবর্তনগুলো কাজে এসেছে। গোটা মৌসুমেই দলের খেলোয়াড়েরা একইভাবে খেলে গেছে এবং পারফর্ম করে গেছে।’
কোহলির দৃষ্টিতে এটি বদলে যাওয়া ভারতীয় দল, ‘অনেক সময় দেখা যেত আমরা একটি-দুটি সেশনে টেস্ট ম্যাচের লাগাম প্রতিপক্ষের হাতে তুলে দিতাম। এই মৌসুমে এটি হয়নি। এটা দলগত নৈপুণ্যের মৌসুম। একজন-দুজন নয়। সবাই ভালো খেলেছে। অবিশ্বাস্য লেগেছে দলের ফাস্ট বোলারদের ফিটনেস ও লড়াকু মনোভাব। এই মনোভাবটাই সিরিজটা আমাদের দিকে নিয়ে এসেছে।’
অজিঙ্কা রাহানে দারুণ উপভোগ করেছেন নেতৃত্ব। তবে তিনি কৃতিত্ব দিয়েছেন দলের সব খেলোয়াড়দেরই, ‘কৃতিত্বটা সবারই। আমি নেতৃত্বটা উপভোগ করেছি। অধিনায়ক হিসেবে এই জয়ে আমি দারুণ খুশি। আমি মনে করি এই টেস্টে আমাদের বোলার, ফিল্ডার ব্যাটসম্যান সকলেই ভালো খেলেছে। ধর্মশালা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ওয়ার্নার ও স্মিথ যখন দুর্দান্ত খেলছিল, তখন বিরতির সময় আমরা আলোচনা করেছি, একটি উইকেট ফেলতে পারলেই ম্যাচের লাগাম আমাদের কাছে চলে আসবে। কুলদীপ যাদব দুর্দান্ত বল করেছে। দারুণ লেগেছে ভুবনেশ্বর ও উমেশ যাদবের বোলিং।’
রাহানে তাঁর কিছু প্রশংসা বরাদ্দ রেখেছিলেন অস্ট্রেলিয়ার জন্যও, ‘অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলেছে। তারা দারুণ লড়াই করেছে।’ সূত্র: স্টার স্পোর্টস।