ধর্মশালায় ধোনি-আফ্রিদিদের ম্যাচ নিয়ে নতুন জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি ও আফ্রিদির দলের মধ্যে লড়াইটা শেষ পর্যন্ত নিরাপদে শেষ হবে তো? ছবি: সংগৃহীত
ধোনি ও আফ্রিদির দলের মধ্যে লড়াইটা শেষ পর্যন্ত নিরাপদে শেষ হবে তো? ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসার সিদ্ধান্ত নিতে এমনিতেই নিরাপত্তা শঙ্কায় ভুগেছে পাকিস্তান। দুই দেশের সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর বিশ্বকাপে আসতে রাজি হয়েছিলেন শহীদ আফ্রিদিরা। কিন্তু মধ্যে নিরাপত্তা নিয়েই নতুন করে আবার ঝামেলা দেখা দিল। ভারত-পাকিস্তান ম্যাচটির ভেন্যু ধর্মশালা যে প্রদেশের অন্তর্ভুক্ত, সেই হিমাচলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতিথি দলকে নিরাপত্তা দিতে তাঁরা পারবেন না।

ভারতের একটি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রতিবেদন অনুযায়ী, হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ১৯ মার্চ অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচটিতে নিরাপত্তা দিতে অপারগতার কথা জানিয়েছেন। গতকাল সোমবার হিমাচল প্রদেশের কংগ্রেসের সদস্যরাও হয় ম্যাচটিকে বাতিল করার অথবা অন্য কোনো ভেন্যুতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতের কংগ্রেস নেতা বীরভদ্র বলেছেন, ‘আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে জানিয়েছি।’
কারণও দেখিয়েছে তারা। পার্শ্ববর্তী কাংরা ভ্যালিতে অনেক সেনাসদস্য থাকেন, যার মধ্যে অনেকে বিখ্যাত কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ম্যাচটি সেখানে হলে ওই যোদ্ধাদের ভাবানুভূতিতে আঘাত লাগবে বলে মনে করছে কংগ্রেস। এ ছাড়া জঙ্গি হামলায় কদিন আগে হিমাচলের দুজন ভারতীয় সেনা মারা গেছেন, এ নিয়েও প্রদেশটিতে পাকিস্তান বিরোধী একটা আবেগ কাজ করছে। ম্যাচটির ভেন্যু বাতিলের জন্য হিমাচলে প্রতিবাদ সমাবেশও হয়েছে।
তবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে হিমাচল কংগ্রেসের এই অনুরোধের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না, ‘বিশ্বকাপ ম্যাচের ভেন্যু এক বছর আগেই ঠিক হয়েছিল। ম্যাচও বণ্টন করা হয়েছে ছয় মাস আগে। ভারত ও বিশ্বের অনেক মানুষ বুকিংও করে রেখেছে। এখন শেষ মিনিটে এসে এমন বক্তব্য দেওয়া তো অনুচিত।’
অনুরাগ বিজেপি নেতা, আন্দোলনটি করছে কংগ্রেস। ফলে বিষয়টি আসলেই হিমাচলের মানুষের আবেগ, নাকি ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল দুই রাজনৈতিক দলের বিরোধ; সেটি নিয়েও প্রশ্ন আছে। আসল কারণ যা-ই হোক না কেন, হিমাচলের মুখ্যমন্ত্রী যখন নিরাপত্তা দিতে অপারগতার কথা জানান, সেটি নতুন অনিশ্চয়তার জন্ম দেয় বৈকি।
বিসিসিআই সচিব অনুরাগ কিন্তু সরাসরি খেলা নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্য সরকার এখানে রাজনীতি করার চেষ্টা করছে। আসামে দক্ষিণ এশিয়ান গেমসে শত শত পাকিস্তানি অ্যাথলেটকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তাহলে হিমাচল সরকার কেন একই কাজ করতে পারবে না?’
হিমাচল সরকারের এই বিবৃতি আসলে পাকিস্তানের নিরাপত্তা ভয়টাকেই স্বীকৃতি দিচ্ছে বলে জানালেন ঠাকুর, ‘নিরাপত্তা দিতে পারবেন না জানিয়ে আপনারা আসলে ভারতে নিজেদের নিরাপত্তা নিয়ে পাকিস্তানিদের যে শঙ্কা ছিল, সেটিকেই বিশ্বাসযোগ্যতা দিচ্ছেন। এটা দেশের ভাবমূর্তির ব্যাপার, এখানে রাজনীতি করবেন না।’
দুই পক্ষই নিজেদের বিবৃতি তো দিলেন। কিন্তু সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটি স্রেফ রাজনৈতিক চাল, নাকি আসলেই নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে? সূত্র: জি নিউজ।