ধর্মশালায় না খেলাই ভালো: পিসিবিকে সাবেক আইসিসি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উঠেছে জটিলতা। ছবি: এএফপি।
ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উঠেছে জটিলতা। ছবি: এএফপি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, সেটিও আবার ধর্মশালার মতো সুন্দর ভেন্যুতে। ক্রিকেটপ্রেমীদের তো পোয়া বারো। কিন্তু এখানেও বাঁধ সাধছে দুই দেশের মধ্যে পুরোনো রাজনৈতিক চাপান উতোর, সীমান্ত উত্তেজনা। ১৯ মার্চ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচটাও এখন নিরাপত্তা শঙ্কায় অনিশ্চয়তার মুখে।

হিমাচলের মুখ্যমন্ত্রী দুদিন আগে অতিথি দলকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছিলেন। এরপর হিমাচলের ধর্মশালায় ম্যাচটি হওয়া নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হওয়াই স্বাভাবিক। এবার সাবেক আইসিসি চেয়ারম্যান এহসান মানিও খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ম্যাচটি ধর্মশালায় না খেলার পরামর্শ দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
দুদিন আগে ভারতের কংগ্রেস নেতা ম্যাচটি বাতিল অথবা অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কারণও দেখিয়েছেন। পার্শ্ববর্তী কাংরা ভ্যালিতে অনেক সেনাসদস্য থাকেন, যাঁদের অনেকে কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ম্যাচটি সেখানে হলে ওই যোদ্ধাদের ভাবানুভূতিতে আঘাত লাগবে বলে মনে করছে কংগ্রেস। এ ছাড়া জঙ্গি হামলায় কদিন আগে হিমাচলে দুজন ভারতীয় সেনা মারা গেছেন, এ নিয়েও প্রদেশটিতে পাকিস্তান বিরোধী একটা আবেগ কাজ করছে। ম্যাচটির ভেন্যু বাতিলের জন্য হিমাচলে প্রতিবাদ সমাবেশও হয়েছে।
এ কারণেই ম্যাচটি সেখানে না খেলতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন মানি। আইসিসি প্রধান হিসেবে কাজ করার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও ছিলেন তিনি। গতকাল ডন নিউজ চ্যানেলকে মানি বলেন, ‘আমি পিসিবিকে বলব হুমকিগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে। কারণ এতে ভারতে যাওয়া আমাদের খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও মিডিয়ার লোকজনের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে।’
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে কোনো দলের খেলতে না যাওয়া নতুন কিছু নয়। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের কলম্বোতে না যাওয়া, কিংবা ২০০৩ সালেও অস্ট্রেলিয়ার নাইরোবিতে খেলতে না যাওয়া এর দুটি উদাহরণ। কয়েক মাস আগেও অস্ট্রেলিয়া নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল পাঠায়নি। সেটিকে উদাহরণ দেখিয়ে মানি বললেন, ‘যদি ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে হতো, আমি নিশ্চিত এতক্ষণে ওরা সরে যেত। বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ওরা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল।’
ম্যাচটিকে ঘিরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ব্যাপারটিও চলে আসছে। গত ডিসেম্বরে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে ভারত না যাওয়ায় এমনিতেই একটু শীতল হয়ে পড়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। এখন এই ম্যাচকে ঘিরে জটিলতা সেটিকে আরও বরফ-কঠিন করে তোলে কি না সে শঙ্কাও থাকছে। তবে খেলোয়াড়দের নিরাপত্তার কাছে এসব প্রশ্ন তোলাই অবান্তর। সাবেক আইসিসি প্রধান মানিও তা-ই মনে করছেন, ‘পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কটা ভালো করতে চায়। কিন্তু আমার মনে হয় এই অবস্থায় ধর্মশালায় খেলা পাকিস্তান দলের জন্য অনেক বেশিই ঝুঁকিপূর্ণ।’
দুই দেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান শশাঙ্ক মনোহর (বিসিসিআই) ও শাহরিয়ার খান (পিসিবি) নাকি ম্যাচটিকে ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় বা মোহালিতে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।