লাঞ্চের পর বিচ্ছিন্ন স্মিথ-ওয়ার্নার জুটি

স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের ১৩৪ রানের জুটিটা ভাঙলেন কুলদীপ যাদব। অথচ বাঁ হাতি ‘চায়নাম্যান’ বোলার যাদবের ধর্মশালায় খেলারই কথা ছিল না। অধিনায়ক বিরাট কোহলি কাঁধের চোটের কারণে সরে দাঁড়ালে টেস্ট ক্যাপ পড়ার সুযোগ হলো তাঁর। মাঠে নেমেই দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত এক সাফল্য।
স্মিথ-ওয়ার্নার জুটিটা চোখ রাঙাচ্ছিল ভারতকে। ভয়ংকর হয়ে উঠছিলেন তারা। ওয়ার্নার এই সিরিজে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন আজই। লাঞ্চের পর অবশ্য তিনি যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। যাদবের বলটি একটু লাফিয়ে উঠেছিল। ব্যাক ফুটে গিয়ে ওয়ার্নার ব্যাট পেতে দিলেও তা কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা অধিনায়ক অজিঙ্কা রাহানের হাতে।
ওয়ার্নারের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শন মার্শের ইনিংস। ১৪ বলে ৪ রান করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ঋদ্ধিমান সাহাকে। ১ উইকেটে ১৩১ রান তুলে লাঞ্চে যাওয়া অস্ট্রেলিয়া হঠাৎই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে। উইকেটের অন্যপ্রান্তে ১৩৩ বলে ৮৯ রান করে অপরাজিত আছেন স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। স্মিথের সঙ্গী হয়ে আছেন রাঁচিতে ভারতের ‘দুঃখ’ পিটার হ্যান্ডসকম্ব।
শুরুর ধাক্কাটা কিন্তু দিয়েছিল ভারতই। দলের ১০ রানের মাথায় উমেশ যাদবের বলে বোল্ড হন ম্যাট রেনশ। এরপর পাল্টা লড়াইয়ে রাজত্ব করেন ওয়ার্নার-স্মিথ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্রুততর উইকেটের সুবিধাটা তাঁরা নিয়েছেন দারুণভাবেই। লাঞ্চের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া রান তুলেছে ওভারপ্রতি ৪.২২ হারে। ভুবনেশ্বর কুমারের করা দিনের প্রথম বলেই অবশ্য তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ওয়ার্নারের ক্যাচ ফেলেন করুন নায়ার। উমেশ যাদব ভালো বল করছেন। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সূত্র: স্টার স্পোর্টস।