
এই ক্ষতি তাঁরা কীভাবে পোষাবেন, ঠিক বুঝতে পারছেন না! টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি ধর্মশালা থেকে সরে যাওয়ায় সবচেয়ে ক্ষতি হয়েছে বোধ হয় ধর্মশালার হোটেল ব্যবসায়ীদের। ম্যাচটি সরে যাওয়ায় তাঁরা এখন কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন।
ভারত-পাকিস্তানের বারুদগন্ধ ম্যাচটিকে ঘিরে বেশ বড় ব্যবসার আশায় বসে ছিলেন ধর্মশালার পর্যটনশিল্প-সংশ্লিষ্টরা। নিজেদের হোটেল সংস্কার থেকে শুরু করে পর্যটকদের মনোরঞ্জনের বিভিন্ন আয়োজন ছিল প্রায় সম্পন্ন। কিন্তু নিরাপত্তা-পরিস্থিতির বিবেচনায় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় ধর্মশালার পর্যটনশিল্পই ক্ষতির শিকার হচ্ছে দীর্ঘ পরিসরে। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা, ছবির মতো সুন্দর এই শহরটি গর্ব করে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার আবাসস্থল হিসেবে। কিন্তু নিছক রাজনৈতিক টানাপোড়েনে ম্যাচটি না হওয়ায় শুধু পর্যটনশিল্পই নয়, ক্ষতিটা হয়েছে আরও। ক্রিকেটনেক্সটডটকম।