ধর্মীয় পরিচয়ের কারণেই বিদ্রূপ মঈনকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্মিংহামে টি-টোয়েন্টি চলার সময় দর্শকদের বিদ্রূপের শিকার হন মঈন। ছবি: এএফপি
বার্মিংহামে টি-টোয়েন্টি চলার সময় দর্শকদের বিদ্রূপের শিকার হন মঈন। ছবি: এএফপি

খবরের শিরোনাম হয়ে থাকাটাই যেন তাঁর এখনকার নিয়তি। প্রথমে খবরে এলেন গাজায় গণহত্যা বন্ধে ‘সেভ প্যালেস্টাইন, সেভ গাজা’ লেখা কবজিবন্ধনী পরে। আইসিসির চাপে যে আর্মব্যান্ড তাঁকে খুলেও ফেলতে হয়েছিল। এরপর নিয়মিত খবরে থাকলেন দুর্দান্ত বোলিং করে। মঈন আলীর আফসোস নিশ্চয়ই বাড়ছে, এবার তিনি খবরের শিরোনাম দর্শকদের উগ্র আচরণ আর বিদ্রূপের শিকার হয়ে। বার্মিংহামে অনুষ্ঠিত ভারত-ইল্যান্ড একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নিয়মিত বিরতিতেই দর্শকদের একটা বড় অংশ মঈনের উদ্দেশে বিদ্রূপ ধ্বনি দিয়ে উত্ত্যক্ত করেছে। 
অথচ তাঁর প্রত্যাশা ছিল একেবারেই উল্টো। বার্মিংহাম তাঁর নিজের শহর। এখানেই জন্মেছেন। শুধু তিনি নন। তাঁর বাবা আর দাদিরও নাড়ি পোঁতা আছে এই শহরে। সেই শহরের দর্শকেরা তাঁকে ভালোবেসে বরণ করে নেবেন, এমনটাই প্রত্যাশা করাই তো স্বাভাবিক। কিন্তু হলো একেবারেই উল্টো। দর্শকদের বিদ্রূপাত্মক আচরণের কারণেই কিনা, এই অলরাউন্ডারের দিনটাও গেছে বাজে। ব্যাট হাতে শূন্য মেরেছেন। বল হাতে শুরুতেই উইকেট নিলেও শেষে ৩ ওভারে দিয়েছেন ৩১ রান।
মঈনকে এভাবে বিদ্রূপ করাটা বেশ শোরগোল ফেলে দিয়েছে ইংল্যান্ডে। মঈনের বাবা মুনির আলী অভিযোগ করেছেন, স্রেফ মুসলিম পরিচয়ের কারণেই তাঁর সন্তানকে এভাবে বিদ্রূপ করা হলো, ‘যা হলো, তাতে আমরা হতাশ। এটা বিশেষ একটা দিন হওয়ার কথা ছিল। মঈন নিজের দেশের হয়ে তার জন্ম শহরে খেলছে। এই শহরে আমি জন্মেছি, আমার মা জন্মেছে। পুরো পরিবার উন্মুখ হয়ে তাকিয়ে ছিলাম ম্যাচটির দিকে। ভেবেছিলাম ওকে উষ্ণ অভ্যর্থনাই দেওয়া হবে। অথচ এর বদলে শুরু থেকে ওকে উত্ত্যক্ত করা হলো। ওকে উত্ত্যক্ত করা হয়েছে—কারণ ও মুসলিম। কারণ ও পাকিস্তানি বংশোদ্ভূত। এটা লজ্জাজনক।’
এমন আচরণ করে ভারতীয় সমর্থকেরা নিজের দল আর দেশের অপমানই ডেকে এনেছেন বলেও মন্তব্য করেছেন তিনি, ‘কয়েক মাস ধরে আমরা সব সম্প্রদায় মিলেমিশে কী দারুণ সময়ই না কাটাচ্ছিলাম। ভারতীয়, ব্রিটিশ, পাকিস্তানি সবাই মিলে। কিন্তু কিছু দর্শক এমন আচরণ করে তাদের দলকেই লজ্জা দিল। যুক্তরাজ্যে এশীয় সম্প্রদায়ের মধ্যে এমন বর্ণবাদী আচরণের সমস্যা এখনো থেকে গেছে।’
মঈন নিজেও এমন আচরণে দুঃখ পাওয়ার কথা বলেছেন। এ নিয়ে এক দর্শক স্বপ্রণোদিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো মামলা হয়নি। মঈন নিজেও বিষয়টি নিয়ে বেশি নাড়াচাড়া করতে চান না। শুধু চেয়েছেন, এর পর থেকে যেন তাঁকে শান্তিতে খেলতে দেওয়া হয়। এটা তাঁর অধিকারের মধ্যেই পড়ে। এদিকে মঈনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার সংস্থার প্রধান অ্যাঙ্গাস পর্টাস। এর আগে তিনি দর্শকদের বিদ্রূপকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন মঈনকে। সূত্র: এএফপি, ক্রিকইনফো।