ধর্ষণের সময় ঘুমিয়ে ছিলেন দানুশকা

>দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন ধর্ষণে জড়িত থাকার অভিযোগ উঠেছিল দানুশকা গুনাতিলকার বিরুদ্ধে। সাময়িকভাবে নিষিদ্ধ লঙ্কান এই ব্যাটসম্যানের জবানবন্দি নিয়েছে পুলিশ। তবে দানুশকার জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি তারা
ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) কর্তৃক সাময়িক নিষিদ্ধ হয়েছ দানুশকা গুনাতিলকা। কলম্বোর কলুপিতিয়া পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ড করেছে। তবে শ্রীলঙ্কান এ ব্যাটসম্যান ধর্ষণের সঙ্গে জড়িত নন বলেই মনে করছে পুলিশ।
এক নরওয়েজিয়ান নারীকে হোটেল রুমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ গুনাতিলকার বন্ধুর বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, যে হোটেল কক্ষে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সেই নারী, সেখানে গুনাতিলকা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার সকালে গুনাতিলকা ও তাঁর বন্ধু যে হোটেলে ছিলেন, সেখানে দুই নরওয়েজিয়ান নারীকে নিয়ে গেছেন। পরে ওই নারীদের একজন ব্রিটিশ পাসপোর্টধারী সেই শ্রীলঙ্কান ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ২৬ বছর বয়সী সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গুনাতিলকার জবানবন্দি নেওয়ার পর পুলিশ জানিয়েছে, দুই নরওয়েজিয়ান নারী ১৫ জুলাই শ্রীলঙ্কায় পা রাখেন। দেশটি ভ্রমণ করতে এসেছিলেন তাঁরা। এর মধ্যে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুনাতিলকার যোগাযোগ ছিল। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, গুনাতিলকা নিজেই তাঁর নরওয়েজিয়ান বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি সেই দুই নারীকে হোটেলে নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। পরে সেখানে যোগ দেন গুনাতিলকার সেই বন্ধু।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’ জানিয়েছে, হোটেলের যাবতীয় বিল গুনাতিলকাই পরিশোধ করেছেন এবং কক্ষে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় সেই বন্ধুটি নরওয়েজিয়ান নারীকে ধর্ষণ করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।