ধাওয়ানকে ছুরি মেরেছিল কোহলি, কৌতুক ধোনির

কাহিনির ডালপালা মেলছেই৷ এমনও শোনা যাচ্ছে, বিরাট কোহলি আর শিখর ধাওয়ান বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন৷ পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে এগিয়ে আসতে হয়েছিল রবি শাস্ত্রীকে৷ স্বাভাবিকভাবে আজ মহেন্দ্র সিং ধোনির দিকে ধেয়ে গেল প্রশ্নটা৷ সত্যিই কি অপ্রীতিকর ঝগড়ায় মেতে উঠেছিলেন ধাওয়ান-কোহলি?
ভারত অধিনায়ক নিজের মতো করেই প্রশ্নটার উত্তর দিলেন৷ বললেন, ‘বিরাট একটা ছুরি ব্যবহার করে সেটা বসিয়ে দিয়েছিল ধাওয়ানের শরীরে৷ পরে ও যখন সেরে উঠল, তার পরই আমরা ওকে ব্যাট করতে পাঠাই৷’
গত টেস্টের চতুর্থ দিনে ধাওয়ানের বদলে কোহলির ব্যাট করতে নামা নিয়েই গুঞ্জনের শুরু৷ কোহলি জানতেনই না দিনের শুরুতে ব্যাট করতে হবে তাঁকেই৷ একদম শেষ মুহূর্তে বলা হয়েছিল৷ প্রস্তুত হওয়ার সময়ই পাননি৷ কার বদলে কে ব্যাট করবে—এ নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তা ভারতের ড্রেসিংরুমের আবহাওয়া তালগোল পাকিয়ে ফেলেছিল৷ এ কথা ধোনি নিজেই আগে বলেছেন৷
তারই সূত্র ধরে খবর বেরিয়েছিল ধাওয়ান-কোহলির বাদানুবাদের৷ গালগল্পই যখন দরকার, সেটিতে তাই বাড়তি মসলা দিলেন ধোনি৷ এর পরই বললেন, ‘এগুলো সব স্রেফ গল্প৷ এ ধরনের গল্প ট্যাবলয়েডে পড়তে ভালো লাগে, হয়তো তাতে তাদের বিক্রিও বাড়ে৷ মার্ভেল আর ওয়ার্নার ব্রাদার্সের মতো হলিউডি সংস্থাগুলোর উচিত এগুলো থেকে ছবি বানানো৷ জানি না এসব গল্প কোত্থেকে আসে৷’
সাধারণত এসব খবর দলের ভেতরের জনৈক সূত্রের বরাতে দেওয়া হয়৷ ধোনির বক্তব্য, ‘দলের ভেতরের কেউ যদি এসব কথা সত্যিই বলে থাকে, আমরা খুব আগ্রহ নিয়ে তার নাম জানতে চাই৷ কারণ তার কল্পনাশক্তি সত্যিই প্রখর৷ আমাদের দলে নয়, তার জায়গা হওয়া উচিত কোনো চলচ্চিত্র প্রতিষ্ঠানে৷ কারণ সে এমন কিছু বানিয়েছে, যেটা আসলে ঘটেইনি৷’
ধোনি জোর গলায়ই এসব উড়িয়ে দিচ্ছেন বটে, তবে ভারতীয় মিডিয়ার একটি অংশ এখনো নিজেদের অবস্থানে অটল৷ শুধু তা-ই নয়, প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস ধোনির আজকের বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক আরও কিছু অঘটনের বিবরণ দিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে৷