ধাওয়ানকে ছুরি মেরেছিলেন কোহলি!
বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের বিবাদ নিয়ে কদিন ধরে সরগরম ভারতীয় সংবাদমাধ্যম। ব্রিসবেন টেস্ট শেষে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ধাওয়ান চোট পাওয়ায় কোহলিকে দ্রুত নামতে হয়েছিল বলে ড্রেসিংরুমে ছিল ‘অস্থিরতা।’ পরে খবর বেরোয়, ড্রেসিংরুমে নাকি বেশ এক চোট হয়েছে কোহলি ও ধাওয়ানের। যা থামাতে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়।
কাল মেলবোর্নে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ তুলতেই ঘটনার জমজমাট বর্ণনা দিলেন ধোনি, ‘আসলেই অমনটা হয়েছে। বিরাট একটা ছুরি নিয়ে তা বসিয়ে দিয়েছিল ধাওয়ানের শরীরে। পরে সেরে ওঠার পর আমরা ওকে ব্যাটিংয়ে পাঠাই।’ ক্রিকইনফো।
চোখ কপালে উঠছে তো? ধোনির পরের কথাটা শুনে নিন, ‘এই সবই দারুণ গল্প। মারভেল ও ওয়ার্নার ব্রসের উচিত এসব গল্প লুফে নিয়ে সিনেমা বানানো। জানি না এসব কীভাবে ছড়ায়। সত্যিই যদি দলের কেউ এসব বলে থাকে, তাহলে তার নাম প্রকাশ করা উচিত। কারণ তার কল্পনাশক্তি দারুণ, তার কাজ করা উচিত ওয়ার্নার ব্রস বা অন্য কোনো চলচ্চিত্র বানানোর প্রতিষ্ঠানে। এ ধরনের গল্প ট্যাবলয়েডের জন্য দারুণ, হয়তো তাদের কাটতি বাড়ে। আদতে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দারুণ, কোনো সমস্যা নেই।’