রেকর্ডের অনেকটাই কাছে চলে এসেছিলেন। কিন্তু চা বিরতির ঠিক আগের ওভারেই ধৈর্যচ্যুতি হলো শিখর ধাওয়ানের। ওয়েস্ট ইন্ডিজে অভিষেকে সেঞ্চুরি থেকে ১৬ রান দূরেই থেমে গেলেন। ওয়েস্ট ইন্ডিজে নিজের প্রথম টেস্টে ভারতের কোনো ওপেনার এখন পর্যন্ত সেঞ্চুরি পাননি। ধাওয়ান কাছে গিয়েও শেষ পর্যন্ত দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লু হয়ে ফিরে যান। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে চা বিরতির আগ পর্যন্ত ভারত করেছে ৩ উইকেটে ১৭৯। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৬৫ রানে।
পাঁচ ব্যাটসম্যান, পাঁচ বোলার। ভারত যেন জয়ের কৌশল নিয়েই নেমেছে কাল। তবে শুরুতেই হোঁচট খায় ভারত, ৭ রান করেই ফিরে যান মুরালি বিজয়। শ্যানন গ্যাব্রিয়েলের বাউন্সারে স্লিপে ক্যাচ তুলে দেন ভারত ওপেনার। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে ধাওয়ান ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। দুজনেই বেশ সতর্ক ছিলেন, লাঞ্চের আগে ভারত করতে পেরেছিল ৭২ রান। কিন্তু লাঞ্চের পর পূজারা বেশিক্ষণ টেকেননি, ১৬ রান করেই ক্যাচ তুলে দিয়েছেন বিশুর বলে। পরে কোহলিকে নিয়ে ধাওয়ান ভারতকে দাঁড় করিয়ে দিয়েছেন শক্ত ভিতের ওপর। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ১০৫ রান। সূত্র: ক্রিকইনফো।