ধাওয়ানের 'হবি' পাকিস্তানের বিরুদ্ধে টুইট করা

পাকিস্তানকে দুটি চোখে দেখতে পারেন না শিখর ধাওয়ান। কিছুদিন পরপরই সেটা প্রকাশ পায় তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে। সেদিন যেমন, অতিথি হয়ে এসেছিলেন ভারতের এক জনপ্রিয় টিভি অনুষ্ঠানে। সেখানে পাকিস্তানকে আবারও একহাত নিয়েছেন তিনি।
এমনিতেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কখনই ভালো ছিল না, গত এক বছরে কাশ্মীর ইস্যুতে সেটা আরও খারাপ হয়েছে। বিশেষ করে গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা ও বর্তমান সময়ে কাশ্মীরের অচলাবস্থা মিলিয়ে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক একদমই ভালো নয়। শহীদ আফ্রিদি, শোয়েব আখতার সহ বিভিন্ন পাকিস্তানি তারকাকে কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। আর এতেই চটেছেন ধাওয়ান। তাঁর মতে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর এখতিয়ার পাকিস্তানের নেই।
অনুষ্ঠানে ধাওয়ান বলেছেন, ‘আমাদের নিয়ে মন্তব্য করার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন। আমাদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। নিজের দেশের জন্য ভালো কোনটা, সেটা আমরা ভালো বুঝি। সে শিক্ষা দেওয়া লাগবে না আমাদের। বাইরের মানুষের কাছ থেকে জানা লাগবে না কোনটা আমাদের দেশের জন্য ভালো আর কোনটি না। নিজের ঘর সামলান আগে।’
নিজের দেশ নিয়ে বাইরের লোক মন্তব্য করলে অবশ্যই তাঁর প্রতিবাদ জানাবেন, জানিয়েছেন ধাওয়ান, ‘আমার দেশ নিয়ে বাইরের কেউ কথা বললে অবশ্যই আমি চুপ থাকব না। অবশ্যই প্রতিবাদ করব। কথায় আছে, যাদের নিজের ঘরই কাচ দিয়ে বানানো, তাঁদের অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়। নিজের দেশের সমস্যা ঠিক করুন আগে।’
কিছুদিন আগেও কাশ্মীর ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার জন্য শহীদ আফ্রিদির ওপর চটেছিলেন ধাওয়ান।
অনুষ্ঠানে ধাওয়ান আরও জানিয়েছেন, পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে টুইট করা তাঁর ‘হবি’ (প্রিয় কাজ)।