ধাক্কা খেল 'মিনি আইপিএল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের এই উত্তাপই ভারতীয় ক্রিকেট বোর্ডকে উসকে দিয়েছিল মিনি আইপিএল আয়োজনে। ছবি: ফাইল ছবি।
আইপিএলের এই উত্তাপই ভারতীয় ক্রিকেট বোর্ডকে উসকে দিয়েছিল মিনি আইপিএল আয়োজনে। ছবি: ফাইল ছবি।

অনেক দিন পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো প্রস্তাব আইসিসিতে বিরোধিতার মুখে পড়ল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের ‘মিনি আইপিএল’ প্রকল্প বড়সড় ধাক্কাই খেয়েছে।
নিজস্ব সূত্র উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানায়, মিনি আইপিএলের বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
অনুরাগ ঠাকুর বিসিসিআইয়ের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই মিনি আইপিএল অর্থাৎ একই বছরে দ্বিতীয় আইপিএল আয়োজনের পরিকল্পনা করেছিলেন। মিনি আইপিএল বিদেশের মাটিতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট ওই সময়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এটিকে আবারও দ্বি-বার্ষিক আয়োজন করতে চায়।
মিনি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের একান্ত নিজস্ব হওয়ায় এই বিরোধিতা ঠাকুরকে আইসিসিতে বিব্রত করেছে বলেই মনে করছে টাইমস অব ইন্ডিয়া।