সেমিফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান

শ্রীলঙ্কা ছুটছিল দুরন্ত গতিতে। মাত্র ৩ উইকেটে দেড় শ রান পেরিয়ে যাওয়ার পর, তিন শ রানও সম্ভব মনে হচ্ছিল। কিন্তু সঠিক সময়েই জ্বলে উঠলেন পাকিস্তানি পেসাররা। মাত্র ৬ রানে ৪ উইকেট হারিয়ে ধস নামল শ্রীলঙ্কা ইনিংসে। ৪ বল বাকি থাকতে ২৩৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনাল খেলতে ২৩৭ রান করলেই তাই চলছে পাকিস্তানের। এক পা দিয়ে রেখেছে তারা। দুর্দান্ত বোলিং করেই কেবল পাকিস্তানের পা হড়কে দিতে পারে শ্রীলঙ্কা। এর প্রেরণা তারা নিতে পারে পাকিস্তানি পেসারদের কাছ থেকে।
‘কোয়ার্টার ফাইনালে’ রূপ নেওয়া ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন পাকিস্তানি পেসাররা। জবাবটাও দারুণ দিচ্ছিল শ্রীলঙ্কা—ম্যাচের ষষ্ঠ ওভারে দানুশকা গুনাথিলাকা (১৩) উইকেট উপহার দিয়ে আসার পরও। একদিকে নিরোশান ডিকভেলার উদ্ভাবনী ব্যাটিং, অন্যদিকে কুশলের দারুণ সব শট। ১৫ ওভারের মধ্যেই ৮০ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা।
এরপর পাকিস্তানি পেসাররা হাসি ফোটালেন অধিনায়ক সরফরাজ আহমেদের মুখে। দুর্দান্ত এক ফাঁদ পেতে কুশলকে আউট করেছেন হাসান। প্রথম বলটি ছিল আউট সুইং। পরের বলটা খানিকটা ইন সুইং হলেও ব্যাটের ছোঁয়া লাগায় বেঁচে যান। পরের বলে সেই সুযোগও পাননি। বল উইকেটে পরে বাড়তি গতি নিয়ে হালকা একটু সুইং করল। লেট সুইং, নিজের ভুল সামলানোর সময়ও পেলেন না কুশল (২৭)। বোল্ড! কুশল মেন্ডিস অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।
ধাক্কা সামলানোর সুযোগও পেল না শ্রীলঙ্কা। পরের ওভারের প্রথম বলেই বোল্ড দিনেশ চান্ডিমালও (০)। অভিষিক্ত ফাহিম আশরাফের প্রথম আন্তর্জাতিক শিকারে পরিণত হয়ে দলকে বিপদে ফেলে গেলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৮৩/৩!
তবে অ্যাঞ্জেলো ম্যাথুস (৩৯) এসে ডিকভেলাকে নিয়ে বিপদ কাটিয়ে দিচ্ছিলেন। চার-ছক্কা না মেরেও কীভাবে দ্রুত রান তোলা যায়, সেটাই দেখাচ্ছিলেন ডিকভেলা। মাত্র ২৯ ওভারে দেড় শ ছুঁয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু মোহাম্মদ আমিরের দারুণ এক বলে ম্যাথুস বোল্ড হতেই আবারও বিপদে পড়ল তারা। ৪ রানের মধ্যে ফিরলেন ধনঞ্জয়া ডি সিলভা, ডিকভেলা (৭৩) ও থিসারা পেরেরা।
অষ্টম উইকেটে সুরঙ্গা লাকমাল (২৬) ও আসেলা গুনারত্নে (২৭) মিলে ৪৬ রান না করলে দুই শ পার হতো না শ্রীলঙ্কার।
তবে এই জুটি দলকে আড়াই শ পার করাতে পারেনি। পাকিস্তানের চার পেসার ভাগাভাগি করে ১০ উইকেট নিয়ে নেওয়ায় ২৩৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।