ধার করা সরঞ্জাম দিয়েই শুরু বাংলাদেশের ক্রিকেট

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’
দিনটার কথা ইউসুফ রহমান বাবুও ভোলেননি। ইউসুফ বাবু নামেই বেশি পরিচিত বাংলাদেশের সাবেক ক্রিকেটার কী করেই-বা ভুলবেন ১৯৭৭ সালের ৭ জানুয়ারিকে। ওই দিনই যে বাংলাদেশ নামে কোনো ক্রিকেট দল প্রথম মাঠে নেমেছিল। ‘জন্মদিন’কে কি ভোলা যায়!
তার ওপর মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ওই ম্যাচে অনেক নাটকের পর একাদশে সুযোগ পেয়েছিলেন বাবু। বাংলাদেশের ইনিংস-সর্বোচ্চ ৭৮ রান করে রাতারাতি তারকাখ্যাতিই পেয়ে যান আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।
সেই সফরই আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলে দেয় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এমসিসির প্রতিবেদনকে ভিত্তি করেই ওই বছরের জুনে আইসিসির সহযোগী সদস্য করা হয় বাংলাদেশকে। পরের পথটুকু পাড়ি দেওয়ার ইতিহাস তো সবারই জানা।
কাল রাজধানীর বিজিএমইএ ভবনের অ্যাপারেল ক্লাবে সেই স্মৃতিই রোমন্থন করলেন বাবু। শুধু বাবুই নন, বাংলাদেশের প্রথম ম্যাচের দলে থাকা আরও সাতজন কাল স্মৃতি ভাগাভাগি করলেন। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এমসিসির বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ দলে থাকা খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে কাল। সেখানেই মিলনমেলা বাংলাদেশের ক্রিকেট পথিকৃৎদের। সবাই অবশ্য ছিলেন না, সেই উপায়ও ছিল না। দৌলতুজ্জামান পৃথিবীর মায়া কাটিয়েছেন সেই কবে। বাকি ১৫ জনের আটজনই কাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছিলেন সেই সময়ের ক্রিকেট সংগঠক ও মাঠে থেকে ম্যাচ কাভার করা সাংবাদিকও।
‘পূর্বাণী হোটেল থেকে ঢাকা স্টেডিয়াম (বঙ্গবন্ধু স্টেডিয়াম) কতটাই-বা পথ। এই পথের দুপাশে আমাদের দেখতে হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল’—ইউসুফ বাবু এখনো ভোলেননি সেই সকালের কথা। ভোলেননি ইনিংসের বেশির ভাগ সময় থাই প্যাড ছাড়াই ব্যাট করার কথাও। উপায় অবশ্য ছিল না, পুরো দলের কাছে থাই প্যাড ছিলই যে মাত্র তিনটি।
সেই তিন প্যাডের একটি ছিল সৈয়দ আশরাফুল হকের। এমসিসির বাংলাদেশে আসার সিংহভাগ কৃতিত্বটা ইংল্যান্ডে পড়াশোনা করতে যাওয়া আশরাফুলকে দিলেন সতীর্থ শাকিল কাসেম, ‘রবিন মারলারের (সাবেক ইংলিশ ক্রিকেটার ও ক্রিকেট সাংবাদিক) সঙ্গে যোগাযোগ করেই এমসিসিকে নিয়ে আসার ব্যবস্থা করেন সৈয়দ আশরাফুল হক।’
বাংলাদেশের সেই দলটা খেলেছে কোনো কোচ ছাড়াই। ছিল না ফিজিও-ট্রেনারও। খেলোয়াড়েরা যে দুধ ও বিস্কুট খেতেন, তা-ও এসেছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে। ওই ম্যাচ খেলা পেসার দীপু রায় চৌধুরী বললেন, ‘আমরা অনেকেই খেলেছি অন্যের সরঞ্জাম ধার করে।’
কাল উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল হক, এ এস এম ফারুক, শাকিল কাসেম, এনায়েত হোসেন সিরাজ, শফিকুল হক হীরা, দীপু রায় চৌধুরী, ইউসুফ রহমান বাবু ও মাঈনুল হক। এ ছাড়া প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান, ক্রিকেট-লেখক ও কোচ জালাল আহমেদ চৌধুরী, ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদ, সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ, ইশতিয়াক আহমেদ ও আমিনুল ইসলাম ছিলেন অনুষ্ঠানে।