
চট্টগ্রামে যেখানে শেষ হয়েছে, ঢাকায় সেখান থেকেই শুরু করবে বাংলাদেশ! লোভ বাড়িয়ে দেওয়া কথা বটে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল যে পর্যন্ত গিয়েছিল, এরপরের ধাপটাই জয়। সেখান থেকে শুরু করা মানে কি ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা নিয়ে নামছে বাংলাদেশ?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্করণ হবে না বলে শুরুতেই সম্ভাবনা কিছুটা অবশ্য কমে যায়। কাল সকাল ও সন্ধ্যার বৃষ্টি, আজ থেকে শুরু টেস্টের মধ্যেও থাকা বৃষ্টির সম্ভাবনাকে ভুলে থাকলে শেরেবাংলা স্টেডিয়ামের কালো মাটির উইকেট ব্যাটিং-স্বর্গ হিসেবেই বিবেচিত। এমন উইকেটে স্পিনের ফাঁদ ফেলে ম্যাচ জেতা কঠিন। ভুল না করা আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ দলের দিকেই হেলে পড়ার কথা টেস্টের ফলাফল।
বাংলাদেশ জয়ের চিন্তা নিয়ে খেলতে নামবে না এই টেস্ট। কাল টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম যে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টার কথা বললেন সেটাও সুনির্দিষ্টভাবে জয় বোঝায় না, ‘সবচেয়ে বড় হলো, টেস্ট ক্রিকেটেও আমরা যেন ধারাবাহিক হতে পারি। চট্টগ্রামে যেখানে শেষ করেছি, সেখান থেকেই এখানে শুরু করতে চাই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিক খেলা। আমরা সেদিকেই মন দিচ্ছি। সেটা পারলে ফলও আমাদের পক্ষে আসবে।’
প্রথম টেস্টে জেতার সম্ভাবনা জাগিয়েও হারতে হওয়ার জ্বলুনি এখনো নেভেনি। মিরপুর টেস্ট সেটাকে আরও উসকে দিচ্ছে। বিরতির এই কদিনে খেলোয়াড়েরা হিসাব করে দেখেছেন, কিছু জায়গায় একটু-আধটু ভালো খেললেই কাঙ্ক্ষিত জয়টা এসে যেত। সবার মধ্যে তাই এবার ভুল না করার জেদ। জয়-পরাজয় পরে, আগে তো কন্ডিশন অনুযায়ী নির্ভুল ক্রিকেটটা খেলতে হবে।
সে জন্য একটা নির্ভুল কম্বিনেশনও দরকার। কাল রাত পর্যন্ত এ নিয়ে নানা রকম সমীকরণের কথাই শোনা গেছে। চট্টগ্রামে অভিষেক হওয়া কামরুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন আরেক নবাগত শুভাশিস রায়। বৃষ্টিভেজা আবহাওয়াই বাড়িয়ে দিচ্ছে সেই সম্ভাবনা। আর উইকেট স্পিনসহায়ক মনে হলে একাদশ হতে পারে এক পেসার নিয়ে। স্পিন আক্রমণে যোগ হতে পারেন শুভাগত হোম চৌধুরী।
মিরপুর টেস্টের টিম কম্বিনেশন, টস জয়ের সিদ্ধান্ত—সবই এখন আকাশের দিকে তাকিয়ে। কাল মুশফিক যখন সংবাদ সম্মেলনে এলেন তখন প্রচণ্ড রোদ। সেটা দেখে তাঁর মুখে খুশির আভা, ‘আমি তো সকালে ভেবেছি টানা এক-দুই দিন বৃষ্টি হবে। এখন মাঠে এসে দেখি প্রচণ্ড গরম।’ কিন্তু কাল বিকেল ও সন্ধ্যার বৃষ্টির পর আজ কী হবে কে জানে। এ প্রতিবেদন লেখার সময় শুধু একটা জিনিসই দেখা যাচ্ছিল, পুরো মাঠটা কাভারে ঢাকা।
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের কাছে প্রথম দৃষ্টিতে মিরপুরের উইকেটকে ব্যাটিং-সহায়কই মনে হয়েছে। তবে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় উইকেট নিয়ে শেষ কথা বলার জন্য তিনি অপেক্ষা করবেন আজ সকাল পর্যন্ত। মুশফিকের অবশ্য বিশ্বাস, মিরপুরের উইকেটের রহস্য ভেদ করা কঠিন হবে ইংলিশদের জন্য, ‘আমরা জানি ইংল্যান্ড আরও ভালোভাবে ফিরে আসার চেষ্টা করবে। তবে এখানে উইকেট অন্য রকম হবে। আশা করি, ওরা আগেভাগে সেটা বুঝে উঠতে পারবে না। আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারব।’
আশাবাদের ভিড়ে কিছু অমঙ্গল চিন্তাও আছে। বাংলাদেশ টেস্ট সিরিজ খেলছে ১৫ মাস পর। তার মানে টানা ১৩ দিন টেস্টের শারীরিক ও মানসিক চাপও দলটি অনুভব করছে ১৫ মাস পর। দ্বিতীয় টেস্টে ভেঙে পড়ার শঙ্কা তাই থাকেই। তা ছাড়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে পর পর দুটি টেস্ট লড়াকু মেজাজে খেলার মতো মানসিকতাও কি তৈরি হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের? মুশফিক নিজেই বলেছেন, চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা তাঁদের কাছে অপ্রত্যাশিত না হলেও ইংল্যান্ডকে পুরো টেস্টে চেপে ধরে রাখতে পারলে সেটা অপ্রত্যাশিতই হতো।
সে রকম প্রত্যাশা এবারও তিনি করছেন না। দ্বিতীয় টেস্টে অধিনায়ক চ্যালেঞ্জ নিচ্ছেন ওই একটাই—ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখা। সেটা করে শেষ পর্যন্ত টেস্ট জয় না এলেও ক্ষতি নেই। টেস্ট দল হয়ে ওঠার আত্মবিশ্বাসটা তো আরেকটু বাড়বে!