ধারাভাষ্যে নেই হার্শা ভোগলে!
ভারতীয় ক্রিকেটের ‘টনি কোজিয়ার’ যদি কাউকে বলা যায়, তিনি হার্শা ভোগলে। প্রায় ৩০ বছর ধরে ভারতীয় ক্রিকেট মানেই তো এই হাস্যোজ্জ্বল মানুষটির উচ্ছ্বসিত কণ্ঠ শোনার নিশ্চয়তা। কিন্তু আইপিএলের এ আসরে হার্শার কণ্ঠ আর শোনা যাবে না। আইপিএলের ধারাভাষ্য দল থেকে কাটা পড়েছে তাঁর নাম!
এক সপ্তাহ আগেও ব্যাপারটি ছিল অচিন্তনীয়। আইপিএলের নিলাম, বিজ্ঞাপন সবখানেই ছিলেন তিনি। কিন্তু প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে সনি নেটওয়ার্ক তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। কী কারণে তাঁকে বাদ দেওয়া হলো, সেটি তিনি নিজেও ঠিক জানেন না, ‘আনুষ্ঠানিকভাবে আমাকে কিছুই জানানো হয়নি। শুধু বলা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল নাগপুরে। সেখানে ইংরেজি ও হিন্দি ধারাভাষ্যকক্ষ দুটি নিয়ে একটা সমস্যা ছিল, সেটি নিয়ে ভেন্যুর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হার্শা। সেটি পরে জানানো হয় ভারতীয় বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহরকে, যিনি নাগপুর ক্রিকেটেরও প্রধান। ধারণা করা হচ্ছে, এ কারণেই হার্শার ধারাভাষ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে বোর্ড। হার্শার কথা, ‘এ যদি নাগপুরের ঘটনার জের হয়, তাহলে আমার বক্তব্য তো শোনাই হলো না।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।