ধারাভাষ্যের সেকাল-একাল

আমি ক্রিকেটের ধারাভাষ্য শুনতে শুরু করেছিলাম ম্যাট্রিক (এখনকার এসএসসি) পাস করে ময়মনসিংহের বিখ্যাত আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েটে (এইচএসসি সমমান) ভর্তি হওয়ার পর থেকে।
তার মানে ১৯৬২ সাল থেকে। ভেবে নিজেই অবাক হচ্ছি, আজ থেকে ৫৭ বছর আগে আমার ক্রিকেট শোনার শুরু। তার মানে ৫৭ বছর ধরে আমি ক্রিকেট শুনছি, দেখছি, পড়ছি এবং মাঝেমধ্যে ক্রিকেট নিয়ে লিখছি।
তখনো পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) টিভি চালু হয়নি। আমাদের দেশে টিভি চালু হয় ১৯৬৪ সালে এখনকার রামপুরায় নয়, এখনকার রাজউক ভবনে। ১৯৬২ সালে আমরা টিভির কথা ভাবতেও পারিনি।
আমাদের কলেজ ক্যানটিনে তখন একটা বড় আকৃতির মারফি রেডিও সেট ছিল। ওই রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য প্রচারিত হতো। কলেজের ছাত্রদের মধ্যে যারা ক্রিকেট খেলত এবং ক্রিকেটের ধারাভাষ্য শুনত, আমি তাদের দলে ভিড়ে গিয়েছিলাম। ক্লাস ফাঁকি দিয়ে কলেজ ক্যানটিনে বসে তখন ক্রিকেট শুনতাম। ক্রিকেট যে একটা প্রচণ্ড নেশার নাম, তা তখনো বুঝে উঠতে পারিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই আমি মনে মনে স্বাধীন হয়ে গিয়েছিলাম বলে বড়দের কথা আমি কানে তুলতামই না। তুলব কী করে? তত দিনে আমার কানের ভেতর দিয়ে আমার মরমে পৌঁছে গিয়েছিল ক্রিকেট।
কবিতার নেশা তখনো আমাকে ততটা কাবু করতে পারেনি, যতটা পেরেছিল বেতার তরঙ্গে মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা ক্রিকেটের রানিং কমেন্ট্রি।
কলকাতার ইডেন গার্ডেনসে যখন ক্রিকেট খেলা হতো, তখন হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলায় ধারাভাষ্য প্রচারিত হতো। পাকিস্তানে খেলা হলে ইংরেজি ও উর্দু ধারাভাষ্য শোনা যেত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে ইংরেজি ধারাভাষ্য শুনতে পারতাম। আমি যে কিছুটা ইংরেজি শিখেছি, তার পেছনে ক্রিকেটের ইংলিশ কমেন্ট্রির একটা বড় ভূমিকা আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমার জীবনের শুরু থেকেই আমি শুধুই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না।
তখন ক্রিকেট মানেই ছিল টেস্ট ক্রিকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের কোনো ধারণাই আমাদের মাথায় আসেনি। আমি ধরেই নিয়েছিলাম যে ক্রিকেট মানেই টেস্ট ক্রিকেট। বাকি জীবন এই টেস্ট ক্রিকেটের ধারাভাষ্যই শুনব। রেডিওতে প্রচারিত ক্রিকেটের ধারাভাষ্য শোনার একটা সুফল ফলেছিল আমার জীবনে, আমার কল্পনাশক্তি বিকশিত হয়েছিল।
আমি কল্পনায় মাঠে বসে ক্রিকেট খেলা দেখার আনন্দ পেতাম।
ওডিআই বা এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তখনো শুরু হয়নি। ওডিআই শুরু হয় ১৯৭১ সালে অস্ট্রেলিয়ায় এবং টি–২০ শুরু হয় ২০০১ সালে ইংল্যান্ডে। ১৯৭৫ সালে ইংল্যান্ডে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ। তখন রেডিওতে ওই বিশ্বকাপ প্রচারিত হতো। আমি বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো শোনার জন্য একটা রেডিও কিনেছিলাম।
১৯৮৩ সাল থেকে রেডিওর পাশাপাশি টেলিভিশনে ক্রিকেট ম্যাচের প্রচার শুরু হয়। আমি রেডিওতে ক্রিকেটের ধারাভাষ্য শুনতে শুনতে এমনই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে টিভির পর্দায় ক্রিকেট খেলা দেখার পর আমার মন ভরেনি। মনে হয়েছিল রেডিওতে ক্রিকেট খেলা শুনতে শুনতে আমার মনের মধ্যে তৈরি হওয়া কল্পজগৎটা বুঝিবা হারিয়ে গেছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় আমি তখন লিখেছিলাম—ক্রিকেট টিভির পর্দায় প্রচারিত চোখে দেখার খেলা নয়। ক্রিকেট হচ্ছে রেডিওতে কান লাগিয়ে প্রাণ ভরে শোনার খেলা।
২
আমি আমার প্রিয় ক্রিকেট ভাষ্যকারদের নিয়ে আরেকটি পর্ব লিখব। সেখানে বাংলা ও ইংরেজি ভাষায় ক্রিকেটের ধারাভাষ্য প্রচার করে অর্ধশতক ধরে ক্রিকেটকে যাঁরা ক্রিকেটপ্রেমীদের কাছে সহজ করে পৌঁছে দিয়েছেন, বিশ্ব ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠেছে যাঁদের মনোগ্রাহী ধারাভাষ্য শুনে, আমি তাঁদের কথা বলব।
এই লেখাটি শেষ করার আগে বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলাটি নিয়ে একটু বলি।
এই ম্যাচটি ছিল গত দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের পরাজয়ের বদলা নেওয়ার ম্যাচ।
এই ম্যাচ থেকে বাংলাদেশের একটিমাত্র প্রাপ্তিই জুটেছে—বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে উচ্চে তুলে ধরা সাকিব আল হাসানের বিশ্বকাপে প্রথম শতরান (১২১)। অর্জন বলতে আর কিচ্ছু নেই।
আপনাদের নিশ্চয় মনে আছে, ঢাকা টেস্টে বেন স্টোকসকে আউট করে সাকিব মিলিটারি কায়দায় স্টোকসকে একটা চমৎকার স্যালুট দিয়েছিলেন।
বেন স্টোকস জানতেন এটা বিদ্রূপ। তারপরও তিনি বলেছিলেন, আই এনজয়েড ইট। বলেছিলেন বটে, কিন্তু ভুলতে পারেননি ওই স্যালুটের জ্বালা।
শনিবার সাকিবকে আউট করার মতো কোনো বোলারই যখন পাচ্ছিলেন না অধিনায়ক এউইন মরগান, তখন তিনি বেন স্টোকসের হাতে তুলে দিলেন বল। স্মরণ করিয়ে দিলেন কি ঢাকায় আউট করার পর সামরিক কায়দায় বেন স্টোকসকে দেওয়া সাকিবের ওই স্যালুটের কথা?
কী আশ্চর্য, একটি লুজ শটও খেলেননি যে সাকিব, একটি বলের লাইনও মিস করেননি যে সাকিব, তিনি কিনা বেন স্টোকসের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে গেলেন।
বেন স্টোকসের উচিত ছিল আউট হওয়ার পরপরই সাকিবকে সামরিক কায়দায় স্যালুট দেওয়া।
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের কাছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওই স্যালুটটা কিন্তু প্রাপ্য ছিল।