ধুয়ে গেল আরও একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করার মুহূর্তে ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেল বোরো, পল রেইফেল ও তৃতীয় আম্পায়ার এনামুল হক। ছবি: শামসুল হক
তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করার মুহূর্তে ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেল বোরো, পল রেইফেল ও তৃতীয় আম্পায়ার এনামুল হক। ছবি: শামসুল হক

ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই হুমকি হয়ে ছিল ঘূর্ণিঝড় ‘কোমেন’। কিন্তু ঘূর্ণিঝড়ের বার্তা মাথায় নিয়েও প্রথম দিন ছিল বৃষ্টিহীন। মেঘ-রোদ্দুরের খেলার মধ্যে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান তোলার পর খেলা আর মাঠেই গড়াল না। বৃষ্টির দাপটে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ার পর আজ তৃতীয় দিনও ধুয়ে দিল বৃষ্টি।

তৃতীয় দিনের খেলাও ধুয়ে নিল বৃষ্টি। ছবি: শামসুল হক
তৃতীয় দিনের খেলাও ধুয়ে নিল বৃষ্টি। ছবি: শামসুল হক


আজ অবশ্য খেলা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছিল। দুপুর বারোটার দিকে বৃষ্টি থেমে গেলে মাঠ পরিদর্শনের সময়ক্ষণও ঠিক হয়েছিল। দেড়টার সময় দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময়ও ঘোষণা করেছিলেন। দুই দলের খেলোয়াড়েরাও মাঠে এসে শুরু করেছিলেন প্রস্তুতি। কিন্তু নতুন করে ভারী বৃষ্টিপাত সেই সম্ভাবনাকে শেষ করে দেয় তখনই। বেলা সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় তৃতীয় দিনের খেলা।
কাল টেস্টের চতুর্থ দিন। জানিয়ে দেওয়া হয়েছে খেলা শুরু হবে একটু আগে—সকাল সোয়া নয়টায়। ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলা গড়াক মাঠে। ক্রিকেটহীন দুটো দিন যে বড্ড একঘেয়ে কাটছে সবার।