ধোনি লজ্জার 'ষোলো' থেকে তিন ধাপ দূরে
ক্রিকেট ইতিহাসে অনেক ‘প্রথমে’র সঙ্গেই জড়িয়ে আছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। টি-টোয়েন্টি ও ৫০ ওভার—দুটি বিশ্বকাপই জয়ী প্রথম অধিনায়ক তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের প্রথমবারের মতো এক নম্বরে ওঠাও তাঁর অধীনেই (নভেম্বর ২০০৯ থেকে আগস্ট ২০১১)। ভারতকে সবচেয়ে বেশি, ২৭টি টেস্টও জিতিয়েছেন। না চাইলেও এসব রেকর্ডের পাশে আরও একটি ‘রেকর্ড’ অবধারিতভাবেই যোগ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারে—বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হার।
৫৭টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনি দেশের বাইরে ২৭ টেস্টে অধিনায়কত্ব করে হেরেছেন ১৩টিতেই। ১৬টি টেস্ট হেরে তাঁর সামনে যৌথভাবে দুজন—নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। তবে ফ্লেমিংয়ের ১৬টি হার যেখানে ৪২ টেস্টে, লারার মাত্র ২০ টেস্টে। চলতি ইংল্যান্ড সফরে গত দুই টেস্টে যেভাবে খেলেছে ভারত, তাতে আজ থেকে শুরু হতে যাওয়া ওভাল টেস্টেই ধোনির নামের পাশে ১৩ সংখ্যাটা না ১৪ হয়ে যায়! ক্রিকইনফো।
দেশের বাইরে ব্যর্থ অধিনায়কদের কথা যখন হচ্ছে, সফল অধিনায়কদের তালিকায়ও চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। ২৩টি জয় নিয়ে বিদেশের মাটিতে সবচেয়ে সফল অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। পরের দুটি নাম দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২২) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৮)।
বিদেশে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক
সময়কাল টেস্ট
স্টিভেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) ১৯৯৭-২০০৬ ১৬
ব্রায়ান লারা (ও. ইন্ডিজ) ১৯৯৮-২০০৬ ১৬
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ২০১০- ১৩
অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা) ১৯৮৯-১৯৯৮ ১৩
গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা) ২০০৩-২০১০ ১৩
জন রিড (নিউজিল্যান্ড) ১৯৫৮-১৯৬৫ ১২
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৯৮৫-১৯৯৪ ১১
কিম হিউজ (অস্ট্রেলিয়া) ১৯৭৯-১৯৮৪ ১১
বিদেশে সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক
সময়কাল টেস্ট
ক্লাইভ লয়েড (ও. ইন্ডিজ) ১৯৭৪-১৯৮৪ ২৩
গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা) ২০০৩-২০১২ ২২
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২০০৪-২০১০ ১৮
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৯৯৯-২০০৩ ১৬
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৯৮৫-১৯৯৪ ১৩
ভিভ রিচার্ডস (ও. ইন্ডিজ) ১৯৮৬-১৯৯১ ১২
সৌরভ গাঙ্গুলী (ভারত) ২০০০-২০০৫ ১১
স্টিভেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) ১৯৯৮-২০০৫ ১০