ধোনিকে পেরিয়েও 'ধোনি' হতে পারলেন না স্টয়নিস

দলের অধিনায়ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সেই তিনি তিনে নেমে ২৪ করেছেন। তারপরও কেন উইলিয়ামসনকে কি ম্যাচের সেরা পুরস্কার দেওয়া যায়? শুধু একটা রান আউট, যাঁকে ফিরিয়েছেন সরাসরি থ্রোয়ে সেই ব্যাটসম্যানও রান করেছে ০। তবু কি ম্যান অব দ্য ম্যাচ উইলিয়ামসনই? ম্যান অব দ্য মোমেন্ট তো অবশ্যই। অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ৬ রানে নাটকীয়ভাবে হারাল অস্ট্রেলিয়াকে। উইলিয়ামসনের একটা থ্রোই ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দিল।
শেষ পর্যন্ত পরাজিতের দলে থেকেও ম্যাচ সেরা হলেন মার্কাস স্টয়নিস। প্রায় একাই কাঁধে বয়ে নিয়ে অসাধারণ একটা জয়ের প্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। শেষটা ‘হ্যাপি এন্ডিং’ হলে এই ম্যাচ অনেক দিন মনে রাখত ইতিহাস। মনে রাখত আসলে স্টয়নিসকে।
৭ নম্বরে যখন ব্যাট করতে নেমেছিলেন, দল বিপদে। ৫৪ রানে ৫ উইকেট নেই। বিপদটা ‘ভয়াবহ’ রূপ নিল, তিনি থাকতে থাকতেই ৬৭ রানে ৬ উইকেটের পতন। নিউজিল্যান্ডের ২৮৬ রানের জবাবে প্রতিবেশীদের কাছে লজ্জাজনক পরাজয়ই তখন মনে হচ্ছিল নিয়মিত অধিনায়ক, সহ-অধিনায়কের পর এই সফরের ভারপ্রাপ্ত অধিনায়ককেও হারিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার একমাত্র পরিণতি। সেই অস্ট্রেলিয়া ১৮ বল বাকি থাকতে অলআউট হলো যখন, জয় মাত্র ৭ রান দূরত্বে।
প্রথম ৬ জুটিতে ৬৭ রান তোলা অস্ট্রেলিয়া শেষ চার জুটিতে যোগ করেছে ২১৩ রান! নিয়মিত একাদশের অনেককেই ছাড়াই মাঠে নামা অস্ট্রেলিয়া যখন রীতিমতো ধুঁকছে, মাত্র এক ওয়ানডে খেলার অভিজ্ঞতাতেই স্টয়নিস নিজের কাঁধ চওড়া করে নিলেন। ভিক্টোরিয়া দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে গুরুত্বপূর্ণ তিনে ব্যাটিং করেন। কিন্তু অস্ট্রেলিয়া দলে তাঁর জায়গা হলো সাত। তা-ই সই।
সাতে নেমে প্রথমে সপ্তম উইকেটে প্রথমে ৮১ রান যোগ করলেন জেমস ফকনারের সঙ্গে। এরপর প্যাট কামিন্সকে নিয়ে ৪৮ রানের জুটি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন কামিন্স ফিরলেন, অস্ট্রেলিয়া তখনো জয় থেকে ৯১ রান দূরত্বে। ওভারে প্রায় দশ করে তুলতে হবে রান। হাতে ২ উইকেট।
পরিস্থিতি যত জটিল হচ্ছিল, ততই যেন নিজের ব্যাটিংয়ের খোলসটা আরও খুলছিল স্টয়নিসের। নবম উইকেটে ৩০ রানের জুটি গড়লেন। কেবল শেষ জুটিতেই এল ৫৪ রান। তাও কীভাবে? স্টার্ক আর হ্যাজেলউড মিলে এই ৮৪ রানের জুটিতে খেলেছেন মাত্র ৩টি বল!
স্টার্কই ৩ বল খেলেছেন, হ্যাজেলউডকে একটা বলও খেলতে হয়নি। স্ট্রাইকিং প্রান্ত থেকে টেল এন্ডারদের আগলে রেখে, ওভারে ১০ করে রান তোলার চাহিদা অনায়াসে মিটিয়ে যাচ্ছিলেন স্টয়নিস—কতটা দায়িত্ব নিয়ে খেলেছেন! ঘরোয়া ওয়ানডেতেই তাঁর এর আগে ছিল মাত্র একটা সেঞ্চুরি। গড়ও ২৫-এর ঘরে। সেই তিনি আজ এমন ইনিংস খেলছেন, খোদ মহেন্দ্র সিং ধোনি গর্বিত হতেন এমনটা খেলতে পারলে।
অপরাজিত ১৪৬ রানের ইনিংসটায় ধোনিকে পেরিয়ে গেলেন সাতে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে। ওপরে অবশ্য লুক রনকির ১৭০ রানের একটা ইনিংস আছে। কিন্তু শেষ পর্যন্ত ‘ফিনিশার ধোনি’ হতে পারলেন না স্টয়নিস। অথচ ‘যা করার আমাকেই করতে হবে’ বুঝে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। ৪১তম ওভারের শেষ বলে কামিন্স আউট হলেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। ৪২তম ওভারে তিন ছক্কা মেরে চাপটা আবারও আলগা করে দিলেন স্টয়নিস। ৪৩তম ওভারে শেষ বলে স্টার্ক ফিরলেন, ৪৪তম ওভারে মারলেন দুই ছক্কা। শেষ বলে ১ নিয়ে আবারও স্ট্রাইকিং প্রান্তে।
৪৫তম ওভারে টানা তিন বলে দুই ছক্কা আর এক চার। শেষ বলে আবারও ১ নিয়ে স্ট্রাইকিং প্রান্তে। এবার অবশ্য রান আউটের শিহরণ জাগল। ৪৬তম ওভারটাও কী দারুণ ছক মেলালেন। একটা ডাবল নিলেন, একটা চার, শেষ বলে আবারও ১।
শেষ বলে ১ রান নিতেই হবে, এই চাপটাই হয়তো কাল হলো ৪৭তম ওভারে! প্রথম তিন বলে রান নিলেন না স্টয়নিস। চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুই ছক্কা। ২৪ বলে ১৯ রান লাগে—ওভার শুরুর এই সমীকরণ তখন ১৯ বলে ৭-এ নেমে এসেছে। নিউজিল্যান্ড ছকটা কষল দারুণভাবেই। উইলিয়ামসন শর্ট মিড অনে নিজেকে নিয়ে এলেন, স্টয়নিসের একবার নিতে পারেননি, এই দুঃখ তখন পাহাড় হয়ে চেপেছে তাঁর কাছে। পয়েন্ট ব্ল্যাকে বলটা করলেন যেন সাউদি। নিখুঁত ইয়র্কার। স্টয়নিস ব্যাটটা ছোঁয়াতে পারলেন কেবল। বল সোজা শর্ট মিড অনে। এ বলে রান হয় না। কিন্তু অ্যালান ডোনাল্ডের ভূত চেপে বসল হ্যাজেলউডের কাঁধে। নিজের ভুল বুঝতে পেরে মরণপণ ডাইভও দিয়েছিলেন। কিন্তু লক্ষ্মণরেখা পেরোতে পারেননি।
৩৪ ওয়ানডের ক্যারিয়ারে প্রথমবারের মতো আউট হলেন হ্যাজেলউড। ডায়মন্ড ডাক—২৬ মিনিট উইকেটে থেকে এক বল না খেলেও শূন্য। ক্যারিয়ারের প্রথম আউটটা এর চেয়ে নাটকীয় আর হতে পারত না। আর এই আউটটাই স্টয়নিসের যাবতীয় চেষ্টা মাটি করে দিল!
এ ম্যাচে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলারও ছিলেন, সঙ্গে ১৪৬ রানের এই অবিশ্বাস্য ইনিংস, স্টয়নিস ম্যাচটা অবশ্য মনে রাখবেন। তবে সেটা তীক্ষ্ণ যন্ত্রণার অনুভূতিই এনে দেবে বারবার।