ধোনিকে বাধ্য করা হয়নি, দাবি প্রধান নির্বাচকের

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার পেছনে কারও কোনো চাপ কাজ করেনি। ক্রিকেট নেক্সট ডটকমকে এমনটিই বলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর দাবি, সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি ধোনি নিজেই নিয়েছেন, ‘ধোনির ওপর কোনো চাপ ছিল না। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
হিন্দুস্তান টাইমসের একটি সংবাদের কারণেই নিজেদের অবস্থান পরিষ্কার করলেন প্রসাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, স্বেচ্ছায় নন, ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন নির্বাচকদের চাপের মুখে। তবে প্রসাদ বলেছেন, ‘রঞ্জি ট্রফির ম্যাচটিতে আমার সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্তের কথাই জানিয়েছিল ধোনি।’
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ড-গুজরাট ম্যাচ চলার সময় ধোনির সঙ্গে দেখা করে প্রসাদ তাঁকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন।
তবে প্রসাদ মনে করেন, ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সময়োচিত, ‘ঠিক সময়ে ধোনি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিজেকে তৈরি করতে কোহলি যথেষ্ট সময় পাবে। তা ছাড়া অধিনায়কত্ব ছাড়া মানেই তো ধোনির কাজ শেষ হয়ে যাচ্ছে না। তাঁকে এখন অন্য দায়িত্ব নিতে হবে। পূর্বসূরি হিসেবে কোহলিকে দিকনির্দেশনা দেওয়ার কাজটি তাকেই করতে হবে।’
আরও পড়ুন: