ধোনিদের ধুয়ে দিলেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজটা শেষ হওয়াতে কি হাঁফ ছেড়ে বাঁচল ভারত? হয়তো। লজ্জাকর ব্যর্থতার বৃত্তটা কেই-বা বড় করতে চায়! ব্যাটিং-দৈন্যের নিদারুণ প্রদর্শনীতে ৩-১-এ সিরিজ হার। পরপর দুটি টেস্ট শেষ তিন দিনেই। দেশের বাইরে সর্বশেষ ১৯ টেস্টে মাত্র একটি জয়, প্রশ্ন উঠে গেছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়েও।
ওভালে হারের পর ধোনিকে প্রশ্ন করা হয়েছে, এ দলটাকে তাঁর পক্ষে যতটা ওপরে তুলে নেওয়া সম্ভব, সেটি হয়ে গেছে কি না। উত্তরে ধোনি বলেছেন, ‘সম্ভবত, হ্যাঁ।’
তাহলে কি শেষ হতে যাচ্ছে অধিনায়ক ধোনির রাজত্ব? উত্তরটা সময়ের হাতেই ছেড়ে দিলেন দেশের বাইরে ১৪টি টেস্ট হারা ধোনি, ‘কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমি যথেষ্ট শক্ত কি শক্ত না, সেটি আপনারা জেনে যাবেন।’
ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় বড় হার, সেটাও ন্যূনতম কোনো প্রতিরোধ ছাড়াই। টানা চার ইনিংসে ২০০-এর নিচে আউট হওয়ার পর ওভালের দ্বিতীয় ইনিংসে ২৯.২ ওভারেই ৯৪ রানে গুটিয়ে যাওয়া। ক্রিকেট-বিশ্বকে অসাধারণ সব ব্যাটসম্যান উপহার দেওয়া ভারতের এমন পারফরম্যান্স! ব্যাপারটা মানতেই পারছেন না টেস্টে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ‘দেশকে লজ্জা দেওয়ার’ জন্য ধোনিদের ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক, প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়েও, ‘জানি না কী বলব। বলারই বা কী আছে? আপনি রেগে যেতে পারেন, ফোটাতে পারেন কথার হুল। কিন্তু এতে লাভটা কী হবে? কেউ যদি ভারতের হয়ে টেস্ট না খেলে শুধু সীমিত ওভারের ম্যাচই খেলতে চায় তো খেলুক। দেশকে এভাবে লজ্জা দেওয়ার অধিকার কারও নেই।’ এএফপি, বিবিসি।

সিরিজের সেরা
ব্যাটসম্যান
ইনিংস রান সেরা গড় ১০০/৫০
জো রুট ৭ ৫১৮ ১৫৪* ১০৩.৬০ ২/৩
গ্যারি ব্যালান্স ৭ ৫০৩ ১৫৬ ৭১.৮৫ ২/২
মুরালি বিজয় ১০ ৪০২ ১৪৬ ৪০.২০ ১/২
মহেন্দ্র সিং ধোনি ১০ ৩৪৯ ৮২ ৩৪.৯০ ০/৪
অজিঙ্কা রাহানে ১০ ২৯৯ ১০৩ ৩৩.২২ ১/২

বোলার
ওভার রান উইকেট সেরা গড়
জেমস অ্যান্ডারসন ১৯৯.১ ৫১৫ ২৫ ৫/৫৩ ২০.৬০
মঈন আলী ১২৩.৪ ৪৩৭ ১৯ ৬/৬৭ ২৩.০০
স্টুয়ার্ট ব্রড ১৭৫.৫ ৪৩৭ ১৯ ৬/২৫ ২৩.০০
ভুবনেশ্বর কুমার ১৭২.৫ ৫০৬ ১৯ ৬/৮২ ২৬.৬৩
ইশান্ত শর্মা ১১৫.০ ৩৮১ ১৪ ৭/৭৪ ২৭.২১