ধোনির অধিনাকত্ব ছাড়ার পেছনে বোর্ডের এক কর্মকর্তা?

মহেন্দ্র সিং ধোনির কাছে ব্যাপারটা ভালো লাগেনি। মানসিকভাবে বেশ আঘাতও পেয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা তাঁর কাছ থেকে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ জানতে চেয়েছিলেন। অভিজ্ঞ ধোনির কাছে বিষয়টি পরিষ্কার হয়েছিল তখনই। ৩৫ বছর বয়সী একজন ক্রিকেটারের কাছে তাঁর ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ জানতে চাওয়ার কারণ সহজেই বুঝতে পেরেছিলেন ভারতের অন্যতম সেরা ও সফল এই অধিনায়ক।
অভিমানী ধোনি দেরি করেননি! সীমিত ওভারের ক্রিকেটেও নেতৃত্বও ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি নির্বাচকদের জানিয়ে দেন। প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ অবশ্য বলছেন, ধোনির ওপর কোনো চাপ ছিল না। কিন্তু বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য ভার্মা বলছেন অন্য কথা। বিসিসিআই, বিশেষ করে বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরীর কথাতেই অধিনায়কত্ব ছেড়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ধোনি।
টাইমস অব ইন্ডিয়াকে ভার্মা বলেন, ‘অমিতাভ চৌধুরী ৪ জানুয়ারি প্রধান নির্বাচক এম এস কে প্রসাদকে ফোন করেছিলেন। তাঁকে পরামর্শ দিয়েছিলেন ধোনির কাছ থেকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানার। সেদিন নাগপুরে গুজরাট ও ঝাড়খন্ডের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছিল। প্রসাদ ধোনিকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করতেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অনেক হয়েছে আর নয়।’
রঞ্জি ট্রফির সে ম্যাচে ভালো অবস্থানে থেকেও গুজরাটের কাছে হেরে যায় প্রথমবারের মতো ভারতের শীর্ষ প্রথম শ্রেণির প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা ঝাড়খন্ড। ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা অমিতাভ চৌধুরী এতে নাকি বেশ ক্ষুব্ধ হয়েছেন। এ কারণেই হয়তো তিনি প্রধান নির্বাচক প্রসাদকে ধোনির সঙ্গে কথা বলতে বলেছিলেন। অমিতাভ নাকি ধোনিকে রঞ্জির সেমিফাইনালটা খেলে দিতে বলেছিলেন। কিন্তু ধোনি তাঁর কথা শোনেননি। তখন থেকেই ধোনির ওপর চটে ছিলেন ক্ষুব্ধ ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষমতাবান কর্মকর্তা।