ধোনির চোট বিকল্প পার্থিব
আগামীকাল শুরু টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত পর্ব। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও ভারত। কিন্তু এই ম্যাচে ভারতের হয়ে কে টস করতে নামবেন? প্রশ্নটা উঠে গেছে, কারণ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চোটে পড়েছেন। কাল অনুশীলনে পিঠে ব্যথা পেয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই চোটে ধোনির এশিয়া কাপই শেষ হয়ে যায় কি না তা সময়ই বলবে। তবে কালই অধিনায়কের বিকল্প হিসেবে পার্থিব প্যাটেলকে ডেকেছে বিসিসিআই।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি প্যাটেলকে যত দ্রুত সম্ভব ঢাকায় দলের সঙ্গে যোগ দিতে বলেছে। ৩০ বছর বয়সী প্যাটেল ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন সেই ২০১২ সালের ফেব্রুয়ারিতে। ২০টি টেস্ট ও ৩৮টি ওয়ানডে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। প্যাটেল ডাক পেয়েছেন সম্প্রতি শেষ হওয়া বিজয় হাজারে ও দেওধর ট্রফিতে ভালো করার পুরস্কার হিসেবে।
টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসার আগেই চোট কেড়ে নিয়েছে পেসার মোহাম্মদ সামিকে। এবার সংশয় অধিনায়ককে নিয়ে। মাঠের লড়াইয়ে নামার আগে চোটের সঙ্গে ভালোই লড়তে হচ্ছে ভারতীয়দের। ক্রিকইনফো।