ধোনির দলের এক কোচ, কোহলির আরেকজন!

ভারতীয় দলে কোনো কোচ নেই। ডানকান ফ্লেচারের জায়গায় আসেননি নতুন কেউ। সেই এক কোচের জায়গায় নাকি কোচ আসছে দুজন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের একজন কোচ। আর টেস্ট দলের জন্য আরেকজন! দুই অধিনায়কের পর এবার ভারত দুই কোচের পথে হাঁটতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।
মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির এমনিতেই আলাদা সংসার। দুই অধিনায়কের মধ্যে সম্পর্কটাও আগের মতো উষ্ণ নয়। বাংলাদেশ সফরে ভারত ওয়ানডে সিরিজ হারার পর কোহলি প্রকাশ্যেই ধোনির নেতৃত্বের সমালোচনা করেছিলেন। ভারতীয় দলে কোচ নেই পাঁচ মাস হয়ে গেল। এর মধ্যে দুটো সফরও করেছে তারা। টিম ডিরেক্টর হিসেবে এই দুই সফরে দায়িত্ব বর্তেছে রবি শাস্ত্রীর কাঁধে।
দীর্ঘ মেয়াদে কাজ করতে আগ্রহী কোচই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আইপিএল ও অন্যান্য টি-টোয়েন্টি লিগের প্রলোভন এড়িয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন অধিকাংশ হাই-প্রোফাইল কোচ। সে জন্যই টেস্ট ক্রিকেটের জন্য একজন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আরেকজন কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে ভারত।
ইংল্যান্ড এর আগেই দুই কোচের অধীনে দলকে খেলিয়েছে। টেস্ট দলের দায়িত্বে ছিলেন পিটার মুরস, ছোট সংস্করণের দায়িত্বে অ্যাশলি জাইলস। ভারতও সেই পথে হাঁটতে পারে বলে আভাস দিয়েছে বোর্ডের একটি সূত্র, ‘টেস্ট ও ওয়ানডের জন্য আমাদের এখন দুজন অধিনায়ক। তাই আমরা ভেবে দেখছি, আলাদা ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়া যায় কি না।’
ইংল্যান্ডের দুই কোচের নীতি অবশ্য সফল হয়নি। এ কারণে বোর্ডের একটি অংশও চায়, এক কোচের অধীনেই থাকুক দল। তবে ভারত দুই কোচের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলে শাস্ত্রীকে টেস্ট দলের দায়িত্বে দেখা যেতে পারে। ওয়ানডে ও টি-টোয়েন্টির ভার নিতে পারেন ভারতেরই কোনো সাবেক খেলোয়াড় বা কোচ।
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর আগামী মাসের মধ্যেই কোচ নিয়োগের সময় নির্ধারণ করে দিয়েছেন। তবে ভারত শুধু একজন কোচ খুঁজছে নাকি দুজন, সেটি পরিষ্কার করে বলেননি। সূত্র: টিএনএন।