ধোনির পর ধাক্কার জরিমানা গুনলেন রুশোও

দুটো ঘটনাকে অবশ্য একই সরল রেখায় মাপা যাবে না। কিন্তু বাংলাদেশে টানা দুই সিরিজে ‘ধাক্কা’র ঘটনায় জরিমানার ঘটনা ঘটল। এবার তামিম ইকবালকে ‘ধাক্কা’ মেরে জরিমানা গুনলেন রাইলি রুশো। ম্যাচ ফির পুরো অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে তাঁর। গত সিরিজে মুস্তাফিজকে ধাক্কা মেরে আলোচিত ও সমালোচিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেদিন অবশ্য মুস্তাফিজকেও জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি,ম্যাচ ফির অর্ধেকটা দিতে হয়েছিল সেদিন তাঁকে।
ঘটনাটি কালকের ম্যাচে। আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে আসছিলেন তামিম। রাবাদাকে উড়িয়ে মারতে গিয়ে প্লেড অন হয়েছেন। সেই হতাশা তো ছিলই। এর সঙ্গে রুশো কাঁধ দিয়ে ঠেলা মারেন বাংলাদেশি ওপেনারকে। ঘটনাটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা অবশ্য বোঝা যায়নি। তবে তামিম এতে রেগে গিয়েছিলেন। মাঠের আম্পায়ারের কাছে অভিযোগও করেন। আম্পায়ার প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকে ডেকে সতর্কও করে দেন।
কিন্তু সেখানেই পার পাননি রুশো। ক্রিকেটে যেকোনো ধরনের শারীরিক সংযোগ যেহেতু সর্বৈব পরিত্যাজ্য বলে বিবেচনা করা হয়। আজ ম্যাচ রেফারি ডেভিড বুন ডেকে পাঠিয়েছিলেন রুশোকে। ‘অগ্রহণযোগ্য ও ইচ্ছাকৃত’ ধাক্কারই অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ধোনির পথে না হেঁটে রুশো দোষ স্বীকার করে নেন। তবে দাবি করেন, ধাক্কাটি ইচ্ছাকৃত ছিল না। কিন্তু এও স্বীকার করেন, আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা দর্শক ও উদীয়মান ক্রিকেটারদের কাছে ভুল বার্তা দেবে।
রুশোর অতীত রেকর্ড এবং স্বীকারোক্তির কারণে অর্ধেকটা ম্যাচ ফি কেটে নেওয়া হয়। ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ কাটা হয়েছিল।