ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল ভারতীয় দল। দলের অধিনায়ককেই যে হারাতে বসেছে তারা। অন্ধ্র প্রদেশের জেলা অনন্তপুরের আদালত মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিষয়টি অবশ্য বেশ পুরোনো। ২০১৩ সালে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে হিসেবে ধোনির ছবি ব্যবহার করা হয়েছিল। সেই বিজ্ঞাপনে ধোনিকে দেখানো হয়েছিল দেবতা বিষ্ণু রূপে, বিষ্ণুর মতো ধোনিরও আট হাত দেখানো হয়েছিল। একেক হাতে ধরে রাখা একেকটি পণ্য। এর মধ্যে এক হাতে ধরা ছিল জুতাও। সেই জুতা ঘিরেই ঝামেলার শুরু। জয় কুমার হিরেমাথ নামের এক সমাজকর্মী এই দেবতার ছবিকে অপমান করার অভিযোগে ফৌজদারি মামলা করেন।
উচ্চ আদালত অবশ্য ফৌজদারি মামলার হাত থেকে রেহাই দিয়েছিলেন ধোনিকে। কিন্তু পুরোপুরি পার পাননি ধোনি। আদালত এ প্রসঙ্গে তখন জানিয়েছিলেন, ধোনির মতো একজন তারকা ক্রিকেটারের জানা উচিত মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার ফল কী হতে পারে। তাঁর বোঝা উচিত ছিল, এ ধরনের বিজ্ঞাপনে কাজ করার পরিণাম খারাপ কিছু হতে পারে।
মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। তবে এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা ভারত অধিনায়ককে দেশে ফিরতে হবে কি না বা আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিএনএ।