ধোনির সাফল্যের রহস্য এখানেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল শুরুর আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ধোনির কথোপকথন। ব্যাটসম্যান-বধের মন্ত্রটাই বুঝি শেখাচ্ছিলেন। ছবি: এএফপি
বল শুরুর আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ধোনির কথোপকথন। ব্যাটসম্যান-বধের মন্ত্রটাই বুঝি শেখাচ্ছিলেন। ছবি: এএফপি

'ক্যাপ্টেন কুল' কি আর এমনি এমনি! পরশু ম্যাচটা ভারত আসলে বের করে নিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির ‘মাথা’ দিয়েই। ধোনিও জানিয়েছেন, শেষ দিকের ওভারগুলোতে মাথা ঠান্ডা রাখাটাই ছিল এই জয়ের আসল রহস্য।

ধোনি বলেছেন, ‘এমন সময় পরিস্থিতিটা থাকে আক্ষরিক অর্থেই খুব গোলমেলে। আর তখন যা করা হয় তা কেবলই হট্টগোলটা সামলানো। গোলমাল তো হওয়ারই কথা। চিন্নাস্বামী স্টেডিয়ামের চল্লিশ হাজার দর্শকের হই-হুল্লোড়। সঙ্গে আছে দশজন সতীর্থকে উজ্জীবিত রাখার বড় দায়িত্ব। স্টাম্পের পেছন দিকটাও তো সামলাতে হয় তাঁকেই। ম্যাচের পরিস্থিতি যত জটিল হয়, যত উত্তেজনাপূর্ণ হয়, ততই যেন ধোনির আসল জাদু বেরিয়ে আসে। সেদিন যেমন এল।
পরশু ম্যাচের শেষ ওভারে দেখা গেছে, বোলার পান্ডিয়াকে বলার মতো পরামর্শ যেন প্রত্যেকেরই আছে। অন্তত পাঁচ-ছয়জন মিলে এক নাগাড়ে পরামর্শ দিয়ে যাচ্ছিল কী করা উচিত আর কী করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে এত এত পরামর্শ শেষে ‘পোড়া-মর্শ’ হয়ে যাওয়ার শঙ্কা থাকে। সেটাই ভালোভাবে সামলে নিয়েছেন ধোনি।
ধোনি বলেছেন, ‘এ রকম সময়ে দলের প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত নিয়ে আসে। দেখা যায় যে একজন ব্যাটসম্যানের সঙ্গে আরেকজন বোলারের মতের পার্থক্য আকাশ-পাতাল।’ এটা তাহলে সামলান কীভাবে 'ক্যাপ্টেন কুল'? ধোনির জবাব, ‘এমন সময় আমাকে দেখতে হয়েছে যে ক্রিজে থাকা ব্যাটসম্যানের শক্তির দিক কোনটি কিংবা উইকেট কী রকম আচরণ করছে। কারণ শেষ পর্যন্ত আমাকেই সিদ্ধান্ত নিতে হবে বোলারকে কোথায় বল করতে বলব।’
তবে কি দলের সবাই এসে একের পর এক বুদ্ধি বাতলে দেওয়াটা ঝামেলা? ধোনি অবশ্য তা মনে করেন না। বরং বললেন, এমন পরিস্থিতিতে অন্যদের বক্তব্য খুব সাহায্য করে তাঁকে।