ধোনির সিনেমায় আছে 'বাংলাদেশ'ও

মহেন্দ্র সিং ধোনির শুরুটা বাংলাদেশ থেকেই। এক যুগ আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ভারতীয় দলে খেলেছিলেন তিনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের জার্সি পরে মাঠে যখন মাঠে নামলেন, তখন কে ভেবেছিল এই ধোনিই পরিণত হবেন ভারতের সবচেয়ে সফল অধিনায়কে। কে ভেবেছিল, এই ধোনির হাত দিয়েই ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা আসবে ভারতের ঘরে!
ধোনি বাংলাদেশকে কোনো দিনই ভুলবেন না, এটি যে তাঁর শুরুর মঞ্চ। তাঁর জীবনের গল্প নিয়ে সদ্যই মুক্তি পাওয়া ছবিতেও বাংলাদেশ আছে বেশ ভালোভাবেই। ছবিতে ভারতীয় দলে ধোনির অন্তর্ভুক্তির সময়কার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। ছবিতে দেখানো হয়েছে, রাঁচির ২২ বছর বয়সী প্রায় আনকোরা তরুণ উইকেটকিপারটিকে ভারতীয় দলে দলে সুযোগ দেওয়া হবে কি না, এ নিয়ে বেশ তর্কে মেতে উঠেছিলেন নির্বাচকেরা। ধোনির সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এটি।
ব্যাপারটি ছবির কল্যাণে অনেকেরই জানা হয়ে গেছে। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধোনির অন্তর্ভুক্তিটা এক রকম অনিশ্চিতই ছিল। সে সময়কার প্রধান নির্বাচক কিরণ মোরের নেতৃত্বে নির্বাচকদের যে প্যানেলটি দল নির্বাচনে বৈঠকে বসেছিলেন, ধোনি কিন্তু কোনোভাবেই তাদের প্রথম পছন্দ ছিলেন না। যদিও সে সময় ভারতের ঘরোয়া ক্রিকেটে ধোনি নিজেকে দারুণভাবেই তুলে ধরেছেন। ব্যাটিংয়ের চেয়েও বেশি নজর কেড়েছিল তাঁর উইকেটকিপিং।
কিন্তু সে সময় বাংলাদেশ সফরের জন্য ধোনির প্রতিদ্বন্দ্বী ছিলেন পার্থিব প্যাটেল, দিনেশ কার্তিকের মতো উইকেটকিপার-ব্যাটসম্যানরা। আলোচনায় ছিলেন দীপ দাশগুপ্তও। সবচেয়ে বড় কথা, সে সময় দলে একজন ব্যাটসম্যান বা বোলারের সংখ্যা বাড়াতে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেটকিপিংয়ের ঠেকার কাজটিও চালিয়ে নেওয়া হচ্ছিল। তরুণ পার্থিব প্যাটেলের ব্যাটিংটাও সে সময় বিবেচনায় ছিল। ধোনি প্রথম পছন্দ হন ছিলেন না স্বাভাবিকভাবেই। তবে শেষ পর্যন্ত তাঁকে নিয়েই বাজি ধরা হয়।
২০০৪ সালে বাংলাদেশে সুযোগ পাওয়ার মাত্র তিন বছরের মাথায় ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা হয়ে গিয়েছিলেন ধোনি। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের হতাশা ধোনিই ভুলিয়ে দিয়েছিলেন সে বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে। ধোনির ক্যারিয়ারের সঙ্গে বাংলাদেশ নানাভাবে জড়িয়ে আছে এ কারণে, তাঁর অভিষেকেই বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ভারতকে! যেটি ছিল বাংলাদেশের দেশের মাটিতে প্রথম জয়ও!
আবার ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। ভারতীয় ক্রিকেটে ওলটপালট এর পর শুরু হয়, তাতেই টি-টোয়েন্টির নেতৃত্ব পান ধোনি। সেই ধোনিই কিন্তু তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি খেয়েছেন ২০১৫ সালের বাংলাদেশ সফরে। ভারত যেবার ২-১-এ সিরিজ হারল। ক্যাপটেন কুলও হারালেন মেজাজ।
এত কিছু অবশ্য ধোনির সিনেমায় উঠে আসেনি। তবে ধোনি কী করে ভুলবেন বাংলাদেশকে!